সালিশ করে ধর্ষণচেষ্টাকারীকে ছেড়ে দেওয়ায় ইউপি চেয়ারম্যান গ্রেফতার

রাজশাহী

স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগের সালিশে তৌহিদ আলী (২৫) নামের এক তরুণকে কান ধরিয়ে ছেড়ে দিয়েছেন রাজশাহীর বাগমারা উপজেলার যোগীপাড়া ইউপির চেয়ারম্যান মোস্তফা কামাল। এই ঘটনায় দায়ের করা মামলায় চেয়ারম্যঅনকে গ্রেফতার করেছে পুলিশ। 

বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন।

ওসি জানান, ৩ মে এক স্কুলছাত্রীকে তুলে নিয়ে ধর্ষণের চেষ্টা করে তৌহিদ আলী। তাকে হাতেনাতে আটক করা হয়। এরপর নামমাত্র সালিশে ‘কান টানা’র সাজা দিয়ে তাকে ছেড়ে দেন চেয়ারম্যান মোস্তফা কামাল। এই ঘটনায় ৫ মে স্কুলছাত্রীর দাদা বাদী হয়ে থানায় মামলা করেন। পরের দিনই পুলিশ তৌহিদকে গ্রেফতার করে। এই মামলার একজন আসামি চেয়ারম্যান মোস্তফা কামাল।

ওসি আরও জানান, বুধবার (১৫ মে) রাতে ইউপি চেয়ারম্যান মোস্তফা কামালকে গ্রেফতার করা হয় এবং বৃহস্পতিবার (১৬ মে) দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।

জানা গেছে, মোস্তফা কামাল যোগীপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি। গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে নৌকা প্রতীক নিয়ে চেয়ারম্যান নির্বাচিত হন তিনি।