বগুড়া-৬ আসনে বিএনপির দুই ও আ.লীগের এক প্রার্থীসহ আটজনের মনোনয়নপত্র বৈধ

নির্বাচন কমিশনবগুড়া-৬ (সদর) আসনে আগামী ২৪ জুন অনুষ্ঠিতব্য উপ-নির্বাচনে মনোনয়নপত্র দাখিলকারী বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট একেএম মাহবুবর রহমানসহ তিন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে। অপর দু’জন হলেন স্বতন্ত্র প্রার্থী জাফর আলী ও আবুল হাসান। বিএনপির দুইজন, আওয়ামী লীগের একজন, জাপার একজন, মুসলিম লীগের একজন, বাংলাদেশ কংগ্রেসের একজনসহ আটজনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। সোমবার (২৭ মে) দুপুরে বাছাই শেষে রিটার্নিং অফিসার মাহবুব আলম শাহ্ এ ঘোষণা দেন।
সহকারী রিটার্নিং অফিসার এসএম জাকির হোসেন জানান, বিভিন্ন দল ও স্বতন্ত্র মোট ১১ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছিলেন। বাছাইয়ে বগুড়া পৌরসভার মেয়র পদ থেকে পদত্যাগ না করায় বিএনপি প্রার্থী অ্যাডভোকেট একেএম মাহবুবর রহমান এবং দাখিল করা মোট ভোটারের এক শতাংশের তালিকা সঠিক না থাকায় স্বতন্ত্র প্রার্থী জাফর আলী ও আবুল হাসানের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। প্রার্থীরা সবাই আপিল করার সুযোগ পাবেন।
বৈধ আট প্রার্থীরা হলেন বিএনপির গোলাম মোহাম্মদ সিরাজ ও রেজাউল করিম বাদশা, আওয়ামী লীগের এসএমটি জামান নিকেতা, জাতীয় পার্টির নুরুল ইসলাম ওমর, বাংলাদেশ কংগ্রেসের মনসুর রহমান, বাংলাদেশ মুসলিম লীগের রফিকুল ইসলাম, স্বতন্ত্র প্রার্থী সৈয়দ কবির আহম্মেদ মিঠু ও মিনহাজ মন্ডল।
জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মাহবুব আলম শাহ্ জানান, তফসিল অনুসারে আগামী ৩ জুনের মধ্যে প্রার্থিতা প্রত্যাহার করতে হবে। পরদিন ৪ জুন প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ করা হবে। আগামী ২৪ জুন সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ১৪১ কেন্দ্রে ইভিএমে ভোট গ্রহণ করা হবে।