ছাগলনাইয়ার ‘নিখোঁজ’ ইউপি মেম্বার লক্ষ্মীপুর থেকে উদ্ধার

ফেনীফেনীর ছাগলনাইয়ার ‘নিখোঁজ’ ইউনিয়ন পরিষদ মেম্বার ও আওয়ামী লীগ নেতা  মো. ওসমান গণিকে লক্ষ্মীপুর থেকে উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৮ মে) বিকালে তাকে লক্ষ্মীপুর জেলার বটতলী এলাকা থেকে উদ্ধার করা হয়।

ছাগলনাইয়া থানার ওসি (তদন্ত) সুদীপ রায় এই তথ্য নিশ্চিত করে বলেন, ‘মো. ওসমান গণি সোমবার দুপুর ১২টার পর থেকে নিখোঁজ হন। এ সময় থেকে তার ব্যবহৃত দুইটি মোবাইল ফোনও বন্ধ পাওয়া যায়। একই দিন রাত সাড়ে ১১টায় ছাগলনাইয়া থানায় জিডি করেন তার স্বজনেরা। পরে মেম্বার ওসমান গণির মোবাইল নম্বর ট্রেকিং করে তার অবস্থান শনাক্ত করা হয়। তিনি লক্ষ্মীপুর জেলার বটতলী এলাকায় রয়েছে বলে নিশ্চিত হয় পুলিশ। পরে ছাগলনাইয়া থানার এসআই মনির উদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি মাইক্রোবাস ও তার স্বজনদের নিয়ে অপর একটি মাইক্রোবাস লক্ষ্মীপুর যায়। ইউপি মেম্বারকে লক্ষ্মীপুর শহরের কাছাকাছি রাস্তার পাশের একটি মসজিদের কাছ থেকে উদ্ধার করা হয়।’

তিনি আরও জানান, মেম্বার ওসমান দাবি করেছেন তাকে যারা অপহরণ করেছিল তারা নগদ এক লাখ তিন হাজার টাকা ও দুটি মোবাইল নিয়ে গেছে।