শাশুড়িকে আঙিনায় পুঁতে রাখার কথা স্বীকার ছেলের বউয়ের

হত্যারাজশাহীর তানোর উপজেলায় শাশুড়িকে হত্যা করে বাড়ির আঙিনায় মাটির ভেতরে পুঁতে রেখেছিল ছেলের বউ। বুধবার দুপুরে উপজেলার প্রকাশনগর আদর্শ গুচ্ছগ্রামে এ ঘটনা ঘটে। বিকেলে ঘটনা জানাজানি হলে প্রতিবেশীরা দুই পুত্রবধূকে আটক করে পুলিশে খবর দেয়। সন্ধ্যায় পুলিশ গিয়ে মাটি খুঁড়ে লাশ উদ্ধার করে। নিহতের নাম মোমেনা বেগম (৪৫)। তিনি ওই গ্রামের রমজান আলীর স্ত্রী। হত্যার অভিযোগে আটক পুত্রবধূর নাম সখিনা বেগম (২২)। সে ওই গ্রামের  মোস্তাফিজুর রহমানের স্ত্রী। সখিনা তার শাশুড়িকে হত্যার কথা স্বীকার করেছে।

তানোর থানার পরিদর্শক (তদন্ত) রাকিবুল ইসলাম বলেন, ওই বাড়িতে মোমেনা বেগম ও তার ছোট ছেলে মোস্তাফিজুর রহমানের স্ত্রী সখিনা বেগম ছিলেন। মোস্তাফিজুর ধান কাটার কাজে খুলনায় অবস্থান করছে। তিনি জানান, আটক পুত্রবধূ সখিনা বেগম নিজেই শাশুড়িকে হত্যা করে মাটিতে পুঁতে রাখার কথা স্বীকার করেছে। সে জানিয়েছে সকালে বাড়িতে ধান শুকানোর সময় মুরগি এসে ধান খায়। ওই ঘটনাকে কেন্দ্র করে তার শাশুড়ি মোমেনা বেগম তাকে মারপিট করেন। দুপুরে তার শাশুড়ি ঘুমিয়ে পড়েন। ওই সময় বাঁশ দিয়ে শাশুড়ির মাথায় আঘাত করলে তিনি মারা যান। এরপর বাড়ির আঙিনায় বড় চুলার গর্ত করে মোমেনাকে মাটি চাপা দেয়।

সখিনা বেগমের বরাত দিয়ে তিনি আরও জানান, মাটি চাপা দেওয়ার পর পাশের বাড়ির গিয়ে তার জা মমিনুলের স্ত্রী রীনাকে বিষয়টি জানায়। এরপর বিষয়টি প্রতিবেশীদের মধ্যে ছড়িয়ে পড়ে। সন্ধ্যায় স্থানীয় পৌরসভার কাউন্সিলর আবুল বাশারসহ প্রতিবেশীরা গিয়ে মোমেনা বেগমের দুই পুত্রবধূ সখিনা ও রীনাকে আটক করে পুলিশে খবর দেয়।