মাদারীপুরে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ পরীক্ষায় এক ভুয়া পরীক্ষার্থীকে আটক করেছে ন্যাশনাল সিকিউরিটি ইন্টেলিজেন্স (এনএসআই)। আটক তরুণের নাম উজ্জ্বল হোসেন। সে ঝিনাইদহের শৈলকূপা থানার বড় মৌপুরী গ্রামের হাবিবুর রহমানের ছেলে।
শুক্রবার (৩১ মে) মাদারীপুর সদর থানার ওসি কামরুল হাসান এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় ভুয়া পরীক্ষার্থী হিসেবে এনএসআই’র হাতে আটক উজ্জ্বলের বিরুদ্ধে সদর থানায় নিয়মিত মামলা দায়ের করা হবে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, মাদারীপুরের আলহাজ আমিনউদ্দিন হাই স্কুল কেন্দ্রে সকালে প্রাথমিক নিয়োগ পরীক্ষায় মাসুদ পারভেজ নামের এক পরীক্ষার্থীর বদলে পরীক্ষা দিতে গিয়েছিল উজ্জ্বল হোসেন। গোপন সংবাদের ভিত্তিতে মাদারীপুরর ন্যাশনাল সিকিউরিটি ইন্টেলিজেন্স (এনএসআই)’র ডিডি সাইদুর রহমানের নেতৃত্বে অভিযান চালিয়ে উজ্জ্বলকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে সে নিজে একজন ভুয়া পরীক্ষার্থী বলে স্বীকার করেছে। পরে তাকে মাদারীপুর সদর থানা পুলিশের হাতে সোপর্দ করা হয়।