পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলায় সড়ক দুর্ঘটনায় তন্ময় (১৬) নামের এক কিশোর নিহত হয়েছে। রবিবার (২ জুন) বিকালে পঞ্চগড়-দেবীগঞ্জ সড়কের লক্ষ্মীরহাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
দেবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) রবিউল হাসান এই তথ্য নিশ্চিত করেছেন।
তন্ময়ের বাড়ি দেবীগঞ্জ উপজেলার সামলি ইউনিয়নের কালুরঘাট এলাকায়। সে ওই এলাকার রতন রায়ের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, তন্ময় তার মাকে নিয়ে মোটরসাইকেলে করে লক্ষ্মীরহাট বাজারে যাচ্ছিলো। পথিমধ্যে বিপরীতমুখী একটি দ্রুতগামী ট্রাকের ধাক্কায় তারা সড়কে পড়ে যান এবং গুরুতর আহত হন। স্থানীয়রা তন্ময়কে উদ্ধার করে প্রথমে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।