বিএনপির একেক নেতা একেক কথা বলেন: তোফায়েল

দরিদ্র মানুষদের মাঝে ঈদবস্ত্র বিতরণ করছেন তোফায়েল আহমেদসাবেক বাণিজ্যমন্ত্রী ও ভোলা-১ আসনের সংসদ সদস্য তোফায়েল আহমেদ বলেছেন, ‘বিএনপির মধ্যে এখন দ্বন্দ্ব চলছে। তাদের নিজেদের মধ্যে কোনও মিল নেই। একেক নেতা একেক কথা বলেন। পাঁচ সংসদ সদস্য শপথ নিলেও মহাসচিব শপথ না নেওয়ায় নির্দিষ্ট তারিখের পর তার সংসদ সদস্য পদ বাতিল হয়ে গেছে। ওই আসনে এখন পুনর্নির্বাচন হবে। সেখানে বিএনপি আবার অংশগ্রহণ করবে। তাদের কোনও মিল নেই। বিএনপি দলটি এখন বিলুপ্তির পথে।’

সোমবার (৩ জুন) দুপুরে ভোলা সদর উপজেলার ধনিয়া ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় ইউনিয়ন পরিষদ কার্যালয়ে দরিদ্র মানুষদের মাঝে ঈদবস্ত্র বিতরণ করেন তোফায়েল।

এ সময় তোফায়েল আহমেদ বলেন, ‘আওয়ামী লীগ ক্ষমতায় আসলে দেশের উন্নয়ন হয়। বিএনপি ক্ষমতায় থাকা কালে দেশের কোনও উন্নয়ন করতে পারেনি। আওয়ামী লীগের আমলে দেশের গ্রামে গ্রামে বয়স্ক ভাতা, বিধবা ভাতা, মুক্তিযোদ্ধা ভাতা, প্রতিবন্ধী ভাতাসহ বিভিন্ন ভাতা দেওয়া হচ্ছে। এছাড়াও নদীতে মাছ ধরা বন্ধের সময় জেলেদের চাল দেওয়া হয়। তাই এখন দেশে অভাব নেই।’

ভোলার উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, ‘ভোলাকে নদীভাঙনের হাত থেকে রক্ষা করা হয়েছে। ধনিয়া ইউনিয়নের নদীর পাড়ে একটি পর্যটন কেন্দ্র হবে। ভোলায় ব্যাপক উন্নয়ন হয়েছে।’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ধনিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমাদুল ইসলাম কবির। এ সময় আরও উপস্থিত ছিলেন– জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মমিন টুলু, সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম গোলদার, সাংগঠনিক সম্পাদক আজিজুল ইসলাম প্রমুখ।