প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার ১

গ্রেফতার

নরসিংদীর বেলাবতে শ্রবণ প্রতিবন্ধী এক নারী (৩০)-কে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে।

বৃহস্পতিবার (৬ জুন) সকালে উপজেলার বাগানবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। ওইদিন রাতে ধর্ষণের শিকার নারী বাদী হয়ে বেলাব থানায় মামলা দায়ের করেছেন। পুলিশ অভিযুক্ত অলি আহম্মেদ (৪৫)-কে গ্রেফতার করেছে।

বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফখরুদ্দিন ভূঁইয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ এবং ওই নারীর পরিবার জানায়, বাগানবাড়ি গ্রামের মৃত আব্দুল বারিক মিয়ার ছেলে দুই সন্তানের জনক অলি আহম্মেদ দীর্ঘদিন ধরে একই এলাকার শ্রবণ প্রতিবন্ধী ওই নারীকে উত্ত্যক্ত করে আসছিলো। বৃহস্পতিবার সকালে ওই নারীকে ফাঁকা বাড়িতে পেয়ে ধর্ষণ করে অলি আহম্মেদ। ধর্ষণ শেষে পালিয়ে যাওয়ার সময় ওই নারীর পরিবারের সদস্যরা অলি আহম্মেদকে আটক করার চেষ্টার করেন। কিন্তু ধস্তাধস্তির এক পর্যায়ে সে পালিয়ে যায়। বৃহস্পতিবার রাতে ধর্ষণের শিকার নারী ও তার পরিবারের সদস্যরা বেলাব থানায় মামলা দায়ের করেন।

ওই নারী জানান, অলি আহম্মেদ দীর্ঘদিন ধরে তাকে উত্ত্যক্ত করে আসছিলো। বিভিন্ন সময় অলি আহম্মেদের পরিবারের সদস্যদের বিষয়টি জানানো হলেও তারা কর্ণপাত করেননি।

বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফখরুদ্দিন ভূঁইয়া বলেন, ‘মামলা দায়েরের পর অভিযুক্ত আসামি অলিকে গ্রেফতার করা হয়েছে। আর ওই নারীকে ডাক্তারি পরীক্ষার জন্য নরসিংদী সদর হাসপাতালে পাঠানো হয়েছে।