নোয়াখালীতে আগুনে অর্ধশতাধিক দোকান পুড়ে ছাই

চৌমুহনীতে আগুনে পুড়ছে দোকাননোয়াখালীর বাণিজ্যিক এলাকা চৌমুহনীতে আগুনে অর্ধশতাধিক দোকানের মালামাল ও নগদ টাকা পুড়ে গেছে। এতে প্রায় ১০ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ব্যবসায়ীরা। শুক্রবার (৭ জুন) সকাল সাড়ে ৬টায় রেল স্টেশনের পূর্ব পাশের মার্কেটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে পুড়ে যাওয়া দোকানগুলোর মধ্যে রয়েছে, ক্রোকারিজ ও প্লাস্টিক সামগ্রী, লাইব্রেরি, কসমেটিকস, গার্মেন্টস সামগ্রীর দোকানসহ বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠান।
চৌমুহনী বাজার পরিচালনা কমিটির সভাপতি কবির আহম্মদ জানান, সকালে স্টেশন এলাকার একটি ক্রোকারিজ দোকান থেকে প্রথমে ধোঁয়া বের হয়। মুহূর্তের মধ্যে তা চারপাশে ছড়িয়ে পড়ে। এ সময় স্থানীয় লোকজন ফায়ার সার্ভিসকে খবর দেয়। প্রথমে চৌমুহনী ফায়ার সার্ভিস ও পরে মাইজদী, সোনাইমুড়ী, কোম্পানীগঞ্জ ও ফেনী ফায়ার সার্ভিস স্টেশনের আটটি ইউনিট প্রায় আড়াই ঘণ্টা চেষ্টা চালিয়ে সকাল নয়টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
মাইজদী ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক হুমায়ুন কবির জানান, ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নির্ধারণ করা সম্ভব হয়নি। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।