লালমনিরহাটে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৪, আহত ৬

লালমনিরহাটে ঈদের দিন (৫ জুন) ও পরের দিন পৃথক সড়ক দুর্ঘটনায় চারজন নিহত ও ছয়জন আহত হয়েছে। ঈদের দিন লালমনিরহাট সদর উপজেলার বড়বাড়ী এলাকায় একটি লেগুনা নিয়ন্ত্রণ হারালে তিনজন নিহত হয়। অপর দুর্ঘটনায় ঈদের পরদিন লালমনিরহাট সদরের কুলাঘাট ইউনিয়নের ধাইরখাতা এলাকায় ট্রাক্টর উল্টে একজন নিহত হন।          

ঈদের দিন নিহতরা হলেন– কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার নীলুরখামার এলাকার তোজাম্মেল হকের ছেলে হাফিজুর রহমান (৩২), একই জেলার কচাকাটা বলদিয়া এলাকার আবদুল হাইয়ের ছেলে মাসুদ রানা (৩৩) এবং সিটি করপোরেশনের ৩১ নম্বর ওয়ার্ডের আবদুর রহিম মিয়ার ছেলে আশরাফুল ইসলাম (৩০)।

ঈদের পরদিন নিহত হন লালমনিরহাট সদর উপজেলার কুলাঘাট ইউনিয়নের ধাইরখাতা ভিতরকুটি এলাকার ইউনুছ আলীর ছেলে মেহেদী হাসান (২৪)।

লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ আলম জানান, রংপুর-কুড়িগ্রাম মহাসড়কে রংপুর থেকে কুড়িগ্রামগামী একটি লেগুনা নিয়ন্ত্রণ হারিয়ে সদর উপজেলার বড়বাড়ী ইউনিয়নের বড়বাড়ী স্মৃতিসৌধে ধাক্কা দিয়ে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই চালকের সহকারীসহ দুজন নিহত হয়। পরে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে আরও একজন নিহত হন। এ সময় লেগুনার আরও ৬ যাত্রী আহত হয়েছেন।

অপরদিকে, ঈদের পরের দিন সকাল ১১টায় জমি চাষ করে ট্রাক্টর নিয়ে বাড়ি ফেরার পথে ট্যাক্টর উল্টে ঘটনাস্থলেই নিহত হন মেহেদী হাসান। স্থানীয়রা তাকে উদ্ধার করে লালমনিরহাট একশ’ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।