ম্যাজিস্ট্রেটের গাড়ি ভাঙচুর মামলার আসামি ‘বন্দুকযুদ্ধে’ আহত

চট্টগ্রামচট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামি থানাধীন চন্দ্রনগর এলাকায় পুলিশের সঙ্গে  কথিত বন্দুকযুদ্ধে মো. জসিম ওরফে পানি জসিম (৪০) নামে এক ব্যক্তি আহত হয়েছেন। সোমবার (১০ জুন) ভোরে ওই এলাকার চৌধুরীনগর হাসান সাহেবের খামার বাড়িতে এ ঘটনা ঘটে। চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার এ তথ্য জানিয়েছেন।

আহত জসিমের গ্রামের বাড়ি ভোলার চরফ্যাশন উপজেলায়। দীর্ঘদিন ধরে তিনি বায়েজিদ বোস্তামি এলাকায় বসবাস করে আসছেন। জসিম গত ১৩ মে নগরীর বায়েজিদ এলাকায় অবৈধ দোকান উচ্ছেদের অভিযানে সিটি করপোরেশনের ভ্রাম্যমাণ আদালতের ওপর হামলা ও গাড়ি ভাঙচুর মামলার প্রধান আসামি।

আলাউদ্দিন তালুকদার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘গভীর রাতে জসিমকে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে আনা হয়। তিনি হাঁটুতে গুলিবিদ্ধ হন। তাকে হাসপাতালের ২৬ নম্বর ওয়ার্ডে চিকিৎসা দেওয়া হচ্ছে।’

এ সর্ম্পকে জানতে চাইলে বায়েজিদ বোস্তামি থানার ওসি আতাউর রহমান খন্দকার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সিটি করপোরেশনের ম্যাজিস্ট্রেটের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় রবিবার রাত ১২টার দিকে জসিমকে নগরীর চাঁন্দগাও এলাকা থেকে গ্রেফতার করা হয়। জসিম ওই মামলার প্রধান আসামি। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে রাত আড়াইটার দিকে চন্দ্রনগর এলাকায় অবৈধ অস্ত্র উদ্ধারে যায় পুলিশ। এসময় চৌধুরীনগর হাসান সাহেবের খামার বাড়ির কাছাকাছি গেলে জসিমের সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি করলে তার সহযোগীরা পালিয়ে যায়। পরে পায়ে গুলিবিদ্ধ অবস্থায় জসিমকে উদ্ধার করা হয়। তাকে চমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থল থেকে একটি এলজি, একটি ধামা, একটি কিরিচ ও ছয় রাউন্ড গুলির খোসা উদ্ধার করা হয়েছে।’