নদীতে নিখোঁজের দুই দিন পর শিশুর লাশ উদ্ধার

আদিয়া ইসলামনিখোঁজের দুইদিন পর আজ সোমবার (১০ জুন) মানিকগঞ্জের ঘিওর উপজেলার ঘিওর সরকারি কলেজের পেছনে ধলেশ্বরী নদী থেকে উদ্ধার করা হলো শিশু আদিয়া ইসলামের লাশ। গত শনিবার (৮ জুন) দুপুরে ওই উপজেলার কুস্তা এলাকায় মা-বাবার সঙ্গে গোসল করতে গিয়ে নদীতে নিখোঁজ হয় ১০ বছরের শিশু আদিয়া।

আদিয়া রাজধানীর মিরপুরের শাহ আলী এলাকার ব্যবসায়ী আমিরুল ইসলামের মেয়ে। সে মিরপুর গার্লস স্কুলের চতুর্থ শ্রেণির ছাত্রী। ঈদের ছুটিতে সে বাবা-মা'র সঙ্গে ঘিওর উপজেলার কুস্তা গ্রামে নানাবাড়িতে বেড়াতে আসে।

পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা গেছে, ঈদের ছুটিতে ব্যবসায়ী আমিরুল ইসলাম স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে ঘিওরের কুস্তা গ্রামে শ্বশুরবাড়িতে বেড়াতে আসেন। শনিবার বেলা ১২টার দিকে দুই মেয়েকে নিয়ে তিনি ও তার স্ত্রী বাড়ির কাছে ধলেশ্বরী নদীতে গোসল করতে যান। এ সময় আমিরুল ছোট মেয়েকে কোলে এবং বড় মেয়ে আদিয়াকে কোমরে জড়িয়ে গোসল করছিলেন। গোসলের এক পর্যায়ে দেখেন বড় মেয়ে আদিয়া নেই। কখন কোমর ছেড়ে আদিয়া গভীর পানিতে তলিয়ে গেছে তা টের পাননি তিনি। আদিয়ার খোঁজ না পেয়ে বাবা-মা আহাজারি করতে থাকেন। এ সময় স্থানীয় ব্যক্তিরা সেখানে গিয়ে আদিয়াকে উদ্ধারের চেষ্টা করেন। তবে নদীতে স্রোত থাকায় তারা ব্যর্থ হন।

পরে ঘিওর ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলে ডুবুরি দল উদ্ধারকাজ শুরু করে। সোমবার (১০ জুন) ভোর ৬টায় নিখোঁজের স্থান কুস্তা থেকে দেড় কিলোমিটার ভাটিতে ঘিওর সরকারি কলেজ এলাকায় নদীতে ওই শিশুর লাশ ভাসতে দেখেন স্থানীয়রা। পরে ফায়ার সার্ভিসের সহযোগিতায় তার লাশ উদ্ধার করা হয়।

ঘিওর থানার পরিদর্শক (তদন্ত) আনিসুল হক জানান, ওই শিশুর পরিবারের ইচ্ছায় লাশ বিনা ময়নাতদন্তে দাফনের অনুমতি দেওয়া হয়েছে।