মেহেরপুর-কুষ্টিয়া সড়কের বাঁশবাড়িয়া ফিলিং স্টেশনের সামনে গাছের সঙ্গে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি বাসের ধাক্কায় শাহিন (৩৫) নামের একজন হেলপার নিহত হয়েছেন। তার বাড়ি মুজিবনগর উপজেলার পুরন্দপুর গ্রামে।
মঙ্গলবার (১১ জুন) বিকালে এই দুর্ঘটনা ঘটে।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হরেন্দ্র নাথ সরকার জানান, বিকালে তেলের পাম্প থেকে এক মোটরসাইকেল চালক তেল নিয়ে মূল সড়কে উঠতে যান। এসময় মেহেরপুর থেকে ছেড়ে আসা শ্যামলী পরিবহনের বাসটি মোটরসাইকেল চালককে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে গাড়ির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। গুরুতর আহত হন বাসের হেলপার শাহিন। কুষ্টিয়া মেডিক্যালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। তবে গাড়ির যাত্রীরা কেউ আহত হননি।