ঈদ বকশিসের নামে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগে পাঁচটি বাসকে ৭৩ হাজার টাকা জরিমানা করেছে বিআরটিএ’র ভ্রাম্যমাণ আদালত। এসব বাস চট্টগ্রাম নগরী থেকে পটিয়া, বাঁশখালী, লোহাগাড়া ও সাতকানিয়া রুটে চলাচল করে।
মঙ্গলবার (১১ জুন) চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানার শাহ আমানত সেতু এলাকায় এই অভিযান চালানো হয়। অভিয়ান পরিচালনা করেন বিআরটিএ’র নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম মনজুরুল হক।
এ ব্যাপারে এস এম মনজুরুল হক বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ঈদের সাতদিন পরও বাসগুলো যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করছে, এমন অভিযোগ পেয়ে দুপুরে শাহ আমানত সেতু এলাকায় অভিযান পরিচালনা করি। এসময় চট্টগ্রাম থেকে বাঁশখালীর ভাড়া ৬৫ টাকার জায়গায় ১২০ টাকা, পটিয়ার ভাড়া ২০ টাকার জায়গায় ৫০ টাকা এবং সাতকানিয়া-লোহাগাড়ার ভাড়া ১০০ টাকার জায়গায় ১৫০ টাকা আদায় করার প্রমাণ পেয়েছি। এসব অভিযোগে এদিন পাঁচটি বাসকে মোট ৭৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।’
তিনি আরও জানান, বাড়তি ভাড়া আদায়ের প্রতিবাদ করায় এক যাত্রীকে মারধরের ঘটনায় শ্যামলী পরিবহনের একটি বাসকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।