আশুলিয়ায় বাসের ধাক্কায় শ্রমিক আহত, গাড়িতে আগুন

াযা

আশুলিয়ায় বাসের ধাক্কায় তিন পোশাক শ্রমিক আহত হওয়ার পর উত্তেজিত শ্রমিকরা ওই বাসে আগুন ধরিয়ে দেয়। মঙ্গলবার (১১ জুন) সন্ধ্যার দিকে আব্দুল্লাপুর-বাইপাইল মহাসড়কের নরসিংহপুর এলাকায় এই ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

আশুলিয়া থানার পরিদর্শক ওসি (তদন্ত) জাবেদ মাসুদ এই তথ্য নিশ্চিত করেছেন।

সড়ক দুর্ঘটনায় আহত শ্রমিকরা হচ্ছেন- সেলিনা আক্তার (৩৫), নার্গিস (২৭) ও মদিনা (২৫)। তারা সবাই মেডলার অ্যাপারেলস কারখানায় কাজ করেন।

কারখানার শ্রমিক ও পুলিশ সূত্র জানায়, মঙ্গলবার সন্ধ্যার দিকে আশুলিয়ার নরসিংহপুর এলাকার মেডলার অ্যাপারেলস কারখানা ছুটি হয়। শ্রমিকরা বের হয়ে বাড়ি ফেরার উদ্দেশে রওনা দেন। এসময় বাইপাইল থেকে ছেড়ে আসা আশুলিয়া ক্লাসিক পরিবহনের দ্রুতগামী একটি যাত্রীবাহী বাস সড়কের পাশ দিয়ে হেঁটে যাওয়া কয়েকজন শ্রমিককে ধাক্কা দেয়। এতে ওই কারখানার তিন শ্রমিক আহত হয়। এসময় শ্রমিকরা উত্তেজিত হয়ে বাসটিতে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে আশুলিয়া ডিইপিজেড ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রনে নেয়। এদিকে সড়কের ওপর বাসে আগুন ধরিয়ে দেওয়ায় ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যানজট সৃষ্টি হয়।

আশুলিয়া থানার পরিদর্শক ওসি (তদন্ত) জাবেদ মাসুদ বলেন, ‘আহতদের উদ্ধার করে হাসপতালে ভর্তি করা হয়েছে। এছাড়াও বাসটি মহাসড়ক থেকে সড়িয়ে যানচলাচল স্বাভাবিক করা হয়েছে।’