আজ বৃহস্পতিবার (২০ জুন) দুপুরে রংপুর নগরীর বড়বাড়ি বয়েজ স্কুল মাঠে নতুন ভোটার নিবন্ধন এবং ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমের উদ্বোধন করে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
কবিতা খানম বলেন, ‘আমরা নির্বাচনে প্রভাব বিস্তার করার অপচেষ্টাকারীদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়েছি। ইতোমধ্যে সরকারদলীয় এক এমপির বিরুদ্ধে মামলা দায়েরের নির্দেশ দেওয়া হয়েছে। যে যাই বলুক, আমরা সুষ্ঠু অবাধ নির্বাচন করার জন্য সব চেষ্টা অব্যাহত রেখেছি। জনগণ যাতে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দেয়, সেজন্য কাজ করছি। নির্বাচন কমিশন কে কোন দলের প্রার্থী, তা বিবেচনা কখনই করেনি, কখনও পক্ষপাতিত্ব করে না। প্রার্থী শুধুই প্রার্থী। তার আর কোনও পরিচয় নির্বাচন কমিশনে থাকতে পারে না।’
নির্বাচন কমিশনার বলেন, ‘ইভিএমে জাল ভোট বা কারচুপি করার কোনও সুযোগ নেই। একবার ভোট দিলে আরেকবার ভোট দেওয়ার কোনও সুযোগ থাকে না। ছিনতাই হলেও বাড়তি ভোট দেওয়ার কোনও সুযোগ নেই।’
এ সময় রংপুর বিভাগীয় নির্বাচন কর্মকর্তা শাহাতাব উদ্দিন, জেলা নির্বাচন কর্মকর্তা দেলোয়ার হোসেন, উপজেলা নির্বাচন কর্মকর্তা কামরুল ইসলামসহ অন্য কর্মকর্তারা তার সঙ্গে ছিলেন।