রোহিঙ্গা শিবিরে নারী গুলিবিদ্ধ

 

টেকনাফকক্সবাজারের টেকনাফে শালবাগান রোহিঙ্গা শরণার্থী শিবিরে একদল সশস্ত্র সন্ত্রাসীর গুলিতে রহিমা খাতুন (৩৫) নামে এক রোহিঙ্গা নারী গুলিবিদ্ধ হয়েছেন। শনিবার (২২ জুন) দুপুরে টেকনাফের নয়াপাড়া শালবাগান ২৬ নম্বর শিবিরে এ ঘটনা ঘটে।  

গুলিবিদ্ধ নারী ওই শরণার্থী শিবিরের ‘ই’ ব্লকের বাসিন্দা ছালে আহমদের স্ত্রী। স্থানীয়রা জানান, ছালে আহমদ নয়াপাড়া মৌচনি রোহিঙ্গা শিবির থেকে প্রায় দুই মাসে আগে শালবাগান রোহিঙ্গা শিবিরের পাহাড়ের তীরে আশ্রয় নেন। কিছুদিন আগে তার মেয়েকে সশস্ত্র সন্ত্রাসীর তুলে নেওয়া চেষ্টা চালায়। এসময় আশপাশের লোকজনসহ তারা বাধা দেন। শনিবার দুপুরে ছালে আহমদের স্ত্রী পাহাড়ে গরু বেধে দেওয়ার জন্য গেলে পুরনো বিরোধের সূত্র ধরে সশস্ত্র সন্ত্রাসী জকির আহমদ, মোহাম্মদ সেলিম, মোহাম্মদ হারুনসহ বেশ কয়েকজন তার ওপর গুলি চালায়। এসময় গুলিবিদ্ধ রহিমা খাতুন চিৎকার করে মাটিতে পড়ে যান। পরে স্থানীয়দের সহযোগিতায় পুলিশ তাকে উদ্ধার করে টেকনাফ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। জরুরি বিভাগের চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার পাঠান।

টেকনাফের নয়াপাড়া শালবাগান রোহিঙ্গা শিবিরের চেয়ারম্যান রমিদা বেগম বলেন, ‘সশস্ত্র সন্ত্রাসীদের গুলিতে এক রোহিঙ্গা নারী গুলিবিদ্ধ হয়েছেন। তার অবস্থা আশঙ্কাজনক। তিনি কক্সবাজারের চিকিৎসাধীন অবস্থায় আছে।’ 

নয়াপাড়া রোহিঙ্গা শিবিরের পুলিশ ফাঁড়ির পরিদর্শক আব্দুস সালাম এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘শালবাগান শিবিরে রোহিঙ্গা সশস্ত্র ডাকাত দলের গুলিতে এক রোহিঙ্গা নারী গুলিবিদ্ধ হয়েছে। তাকে উদ্ধার করে কক্সবাজারে হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িত সন্ত্রাসী জকির গ্রুপের সদস্যদের গ্রেফতারে পুলিশের অভিযান চলছে।’

আরও পড়ুন- রোহিঙ্গাদের নিয়ে বিপদে উখিয়া ও টেকনাফবাসী