রিফাত হত্যায় জড়িত সন্দেহে আটক ৪ জনকে ছেড়ে দিলো পুলিশ

রিফাত হত্যায় জড়িত সন্দেহে আটক ব্যক্তিরাবরগুনায় শাহনেওয়াজ রিফাত শরীফ হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে বরিশাল নদী বন্দর থেকে আটক করা চার যুবককে ছেড়ে দিয়েছে পুলিশ। বৃহস্পতিবার রাত সাড়ে ৮টায় আটক করার পর রাত ১২টা ও ৩টায় ওই চার জনকে পালাক্রমে ছেড়ে দেওয়া হয়। বরিশাল কোতোয়ালি মডেল থানার ওসি নুরুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।  

ওসি নুরুল ইসলাম বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে মেট্রোপলিটন পুলিশ বরিশাল-ঢাকা নৌ রুটে চলাচলকারী মানামী লঞ্চ থেকে তাদের আটক করে। তাদের মধ্যে একজনের চেহারার সঙ্গে বরগুনার রিফাত হত্যা মামলার এজাহারভুক্ত এক আসামির মুখের অনেকটা মিল ছিল। তবে আটককৃতরা রিফাত হত্যার সঙ্গে সরাসরি জড়িত কিনা তা নিশ্চিত হওয়ার জন্য বরগুনা জেলা পুলিশকে অবহিত করা হয়। তারা জড়িত নয় এটা নিশ্চিত করার পর রাত ১২টার দিকে তিনজনকে ছেড়ে দেওয়া হয়। আর যে যুবকটির সঙ্গে এক আসামির অনেকটা মিল ছিল তাকে ছাড়া হয় রাত ৩টায়। চার যুবকের পরিবারের সদস্য এবং বরগুনা পুলিশ বরিশালে এসে নিশ্চিত করার পরই ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সিদ্ধান্ত নেন।’

এদিকে বরগুনা সদর থানা পুলিশ বৃহস্পতিবার রাত পর্যন্ত তিন জনকে গ্রেফতার করেছে। বৃহস্পতিবার সকালে মামলার চার নম্বর আসামি চন্দন এবং দুপুরে মো. হাসান নামে একজনকে গ্রেফতারের পর রাতেও একজনকে গ্রেফতার করেছে। বরগুনায় তৃতীয়জন গ্রেফতারের কথা পুলিশ সুপার মারুফ হোসেন নিশ্চিত করলেও তার নাম জানাতে অপারগতা প্রকাশ করেন।

গত বুধবার সকালে বরগুনা সরকারি কলেজ রোড এলাকায় ডিশ ব্যবসায়ী রিফাত শরীফকে প্রকাশ্যে কুপিয়ে আহত করে সন্ত্রাসীরা। ওই দিন বিকাল ৪টায় বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা যান রিফাত। এই ঘটনায় বৃহস্পতিবার সকালে তার বাবা দুলাল শরীফ বাদী হয়ে ১২ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন।

আরও পড়ুন- 

রিফাত হত্যায় জড়িত সন্দেহে বরিশালে চারজন আটক


‘দাঁড়ানো ছেলেগুলো দর্শক নয়, তারাই প্রথমে হামলা করে’