ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাক-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত ১

 

ব্রাহ্মণবাড়িয়াব্রাহ্মণবাড়িয়ায় সদর উপজেলায় রাধিকা এলাকায় কুমিল্লা-সিলেট মহাসড়কে ট্রাক ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিতাই দাস (৪৮) নামে এক মাছ ব্যবসায়ী নিহত ও দুইজন আহত হয়েছেন। আজ শুক্রবার (২৮ জুন) সকালে এ ঘটনা ঘটে।

নিহত নিতাই দাসের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের শ্যামনগর গ্রামে। 

পুলিশ ও প্রত্যেক্ষদর্শীরা জানায়, আজ শুক্রবার সকালে মাছ নিয়ে বাসুদেব থেকে ব্যাটারিচালিত অটোরিকশায় করে ব্রাহ্মণবাড়িয়া শহরের দিকে আসছিলেন নিতাই দাস। এসময় সদর উপজেলার রাধিকা এলাকায় বিপরিত দিক থেকে আসা একটি পণ্যবাহী ট্রাকের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান নিতাই দাস। পরে আহত অবস্থায় স্থানীয়রা অটোরিকশার যাত্রী আজম ভূইয়া (৫৫) ও মাসুম মিয়াকে (৩০) উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠান। তাদের জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রপ্ত কর্মকর্তা (তদন্ত) আতিকুর রহমান জানান, ঘাতক ট্রাক এবং ব্যাটারিচালিত অটোরিকশাটিকে আটক করা হয়েছে। তবে ট্রাকের চালক পালিয়ে গেছে।