শিক্ষক নিয়োগ পরীক্ষায় জালিয়াতি: নেত্রকোনায় ১২ নারীসহ ৩১ জন আটক

শিক্ষক নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে আটক ব্যক্তিরাপ্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস ও মোবাইল ডিভাইস ব্যবহারের মাধ্যমে পরীক্ষার্থীদের উত্তর বলে দেওয়া জালিয়াত চক্রের ৩১ সদস্যকে আটক করেছে পুলিশ। এদের মধ্যে ১২ জন নারী। তাদের নিকট থেকে ল্যাপটপ, মোবাইল ও প্রিন্টার জব্ধ করা হয়েছে।

আটককৃতরা নেত্রকোনা সদর, কেন্দুয়া, আটপাড়া ও ময়মনসিংহের গৌরীপুরের বাসিন্দা।

কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাসেদুজ্জামান জানান,  শুক্রবার প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা চলাকালে মোবাইল ডিভাইস ব্যাবহার করে পরীক্ষার্থীদের প্রশ্নের উত্তর বলে দেওয়া হবে এরকম গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। কেন্দুয়া উপজেলার ছয়ানি গ্রামের মনিরুজ্জামান ভুইয়া শামীমের বাড়ি থেকে সবাইকে আটক করে কেন্দুয়া থানা পুলিশ। আটকদের কেউ শিক্ষক, কেউ বিশ্ববিদ্যালয় কিংবা কলেজ পড়ুয়া ছাত্র।

নেত্রকোনার এডিশনাল এসপি (ক্রাইম) মো. শাহজাহান মিয়া জানান, ‘৩২ জন আমাদের কাছে আটক আছে। ডিজিটাল নিরাপত্তা আইন এবং পাবলিক পরীক্ষা অপরাধ আইনের আওতায় মামলা দায়ের করা হয়েছে। মামলায় এই ৩২ জনসহ ৫০ জনকে আসামি করা হয়েছে। এর মধ্যে এজাহারভুক্ত ছয় আসামি পলাতক আছে। তাদের ধরতে অভিযান চলছে। এই চক্রটা দীর্ঘদিন ধরে নিয়োগ পরীক্ষায় পাস করিয়ে দেওয়ার কথা বলে মানুষের কাছ থেকে টাকা নিচ্ছে।’