উল্লাপাড়ায় মা-ছেলে খুন, আদালতে আসামির স্বীকারোক্তি

এই মামলায় আটক ৪ জন

সিরাজগঞ্জে উল্লাপাড়ার মহেশপুর গ্রামে মা-ছেলের হাত-পায়ের রগ ও গলা কেটে খুনের দায় স্বীকার করেছে আসামি। খুনের পরিকল্পনা ও ঘটনার বিবরণ দিয়ে শনিবার (২৯ জুন) বিকালে সিরাজগঞ্জের জ্যেষ্ঠ বিচারক হাকিম আহসান হাবিবের আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেন আটক আসামি আবুল কালাম আজাদ। তিনি জানান, গ্রামের ৭-৮ জন ছাড়াও ভাড়াটে কয়েকজন খুনি কিলিং মিশনে অংশ নিয়েছে।

আসামির জবানবন্দির বরাত দিয়ে তদন্তকারী কর্মকর্তা ইন্সপেক্টর গোলাম মোস্তফা এই তথ্য নিশ্চিত করেছেন।   

তিনি জানান- এলাকায় আধিপত্য বিস্তার, সামাজিকভাবে প্রতিপক্ষকে নাজেহাল করার পূর্ববর্তী বিরোধসহ বালু মহালের ভাগবাটোয়ারার দ্বন্দ্বের জেরে মূলত এই হত্যাকাণ্ড ঘটে। এই ঘটানয় চার আসামিকে গ্রেফতার করা হয়েছে। বাকিদেরও গ্রেফতারে চেষ্টা চলছে।

গ্রেফতার ব্যক্তিরা হলেন- মৃত মোসলেম উদ্দিনের ছেলে সাবেক গ্রাম পঞ্চায়েত প্রধান আবুল কালাম আজাদ (৭০), মৃত ফয়েজ উদ্দিনের ছেলে রফিকুল ইসলাম (৬০), আহসান উল্লাহ মাস্টারের ছেলে রহমত উল্লাহ পান্না (৩৮) এবং দুলাল সরকারের ছেলে মনসুর আলী সরকার (২২)।

উল্লেখ্য,  বুধবার রাতে সাবেক সেনা সদস্য আলতাফ হোসেন ওরফে মুকুল মিলিটারি এবং তার বৃদ্ধ মাতা রিজিয়া খাতুন খুন হন। এরপর নিহত সেনাসদস্যের স্ত্রী শামিম আরা বাদী হয়ে অজ্ঞাত আসামিদের উল্লেখ করেন বৃহস্পতিবার উল্লাপাড়া থানায় মামলা করেন।