বরগুনায় রিফাত হত্যা মামলা: বেনাপোলে সর্বোচ্চ সতর্কতা জারি

রিফাত শরীফ (ফাইল ছবি)

বরগুনায় রিফাত শরীফ হত্যা মামলার আসামিরা যাতে দেশত্যাগ করতে না পারে সেজন্য বেনাপোলের বিভিন্ন সীমান্তে জারি করা হয়েছে সর্বোচ্চ সতর্কতা। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে শনিবার (২৯ জুন) সকাল থেকে এই সর্বোচ্চ সতর্কতা জারি করে পুলিশ ও বিজিবি।

বেনাপোল আন্তর্জাতিক পুলিশ ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মাসুম এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনায় চেকপোস্ট এলাকায় সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। সতর্কতার সঙ্গে প্রতিটি পাসপোর্ট যাত্রীর পাসপোর্ট মেশিনে পরীক্ষা করা হচ্ছে। ফলে রিফাত হত্যার আসামিদের বেনাপোল চেকপোস্ট ব্যবহার করে ভারতে পালিয়ে যাওয়ার কোনও সুযোগ নেই। পাসপোর্টধারী যাত্রীদের ছবি, নাম-ঠিকানাসহ যাবতীয় সবকিছু তথ্য-প্রযুক্তির মাধ্যমে যাচাই-বাছাই করে ক্লিয়ারেন্স দেওয়া হচ্ছে। সেই সঙ্গে সীমান্তে গোয়েন্দা নজরদারিও বাড়ানো হয়েছে।

২১ বিজিবির কমান্ডিং অফিসার লে. কর্নেল ইমরান উল্লাহ সরকার জানান, সিসি ক্যামেরার মাধ্যমেও সীমান্তে চলাচলকারী লোকজনের গতিবিধি পর্যবেক্ষণ করা হচ্ছে। সন্ধ্যার পরপরই যাতে কেউ সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করতে না পারে সেজন্য সতর্কতা জারি করা হয়েছে। সেই সঙ্গে বিজিবির টহল ব্যবস্থাও  জোরদার করা হয়েছে।