রিফাত হত্যা মামলায় এজাহারভুক্ত আরও দুই আসামি গ্রেফতার

রিফাত শরীফ আলোচিত রিফাত শরীফ হত্যা মামলায় এজাহারভুক্ত আরও দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। তারা হলো, মামলার ১১ নম্বর আসামি অলি ও ১২ নম্বর আসামি টিকটক হৃদয়। রবিবার (৩০ জুন) রাতে তাদের গ্রেফতার করা হয় বলে নিশ্চিত করেছেন বরগুনার পুলিশ সুপার মো. মারুফ হোসেন। তবে তদন্তের স্বার্থে কোন জায়গা থেকে তাদের গ্রেফতার করা হয়েছে তা জানাননি তিনি। পুলিশ সুপার জানান, অন্য আসামিদেরও দ্রুত গ্রেফতারে অভিযান চলছে।
এ নিয়ে এ মামলায় এখন পর্যন্ত এজাহারভুক্ত চারজন ও জড়িত সন্দেহে আরও চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। তবে মূল আসামি নয়ন বন্ড ও রিফাত ফরাজী এখনও গ্রেফতার হয়নি।
উল্লেখ্য, বুধবার (২৬ জুন) সকাল সাড়ে ১০টার দিকে বরগুনা সরকারি কলেজের সামনে সন্ত্রাসীরা প্রকাশ্যে রামদা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে রিফাত শরীফকে। পরে অস্ত্র উঁচিয়ে এলাকা ত্যাগ করে। দুর্বৃত্তরা চেহারা লুকানোরও কোনও চেষ্টা করেনি। গুরুতর আহত রিফাতকে পরে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে বিকালে তিনি মারা যান। এ ঘটনায় রিফাতের বাবা দুলাল শরীফ বাদী হয়ে ১২ জনকে আসামি করে একটি হত্যা মামলা করেন।

আরও পড়ুন: রিফাত হত্যা: ১২ জনের নামে মামলা, গ্রেফতার ১

              স্বামীকে বাঁচাতে সন্ত্রাসীদের সঙ্গে যুদ্ধ নারীর, তবুও শেষ রক্ষা হলো না