এখন জঙ্গিরা ইন্টারনেটে বেশি সক্রিয়: আইজিপি

রংপুরে আইজিপি জাবেদ পাটোয়ারীবাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) জাবেদ পাটোয়ারী বলেছেন, ‘আমাদের দেশে তৈরি হওয়া জেএমবির জঙ্গিরা আইএসআইয়ের অনুসারী হতে পারে। আমরা তাদের ওপর নজর রাখছি। এখন জঙ্গিরা ইন্টারনেটে বেশি সক্রিয়। তারা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে যোগাযোগ বৃদ্ধি করেছে। তারা সদস্য রিক্রুট করাসহ বিভিন্ন কার্যক্রম চালাচ্ছে। তবে আমাদের গোয়েন্দা সংস্থাগুলো নজরদারি করছে। ইতোমধ্যে আমরা অনেক জঙ্গিকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি। এটা গোয়েন্দাদের নিয়মিত নজরদারির ফল। আমরা তাদের যে কোনও তৎপরতা নস্যাৎ করে দেবো।’

আজ সোমবার (১ জুলাই) সকালে রংপুর নগরীর কাছারী বাজার এলাকায় অবস্থিত রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে তিনি এসব কথা বলেন। এর আগে আইজিপি রংপুর মেট্রোপলিটন পুলিশের সমন্বিত সিসিটিভি ব্যবস্থা চালু, ওয়েবসাইটের উদ্বোধন ও মেট্রোপলিটন পুলিশের কর্মবন্টন বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানের উদ্বোধন করেন।রংপুরে আইজিপি জাবেদ পাটোয়ারী

আইজিপি বরগুনার রিফাত হত্যার ঘটনার কারণ উল্লেখ করতে গিয়ে বলেন, ‘এখন সমাজে যে চিত্র দেখা যাচ্ছে তা হচ্ছে অবক্ষয়ের চিত্র। এখন যে ছেলেটি পাড়া মহল্লায় বড় হচ্ছে তারা মুরব্বিদের এমনকি বাবা-মায়েদেরও মানে না। এরা এটাকে অ্যাডভেঞ্চারের জায়গা মনে করছে। তারা ছোট খাটো গ্রুপ তৈরি করছে। মাস্তান গ্রুপ গড়ে তুলছে। আর এসব গ্রুপের সন্তানদের বাবারাও নিজেদের গর্বিত মনে করছেন। কারণ তাদের সালাম দিচ্ছে এলাকার লোকজন। কিন্তু সেটা শ্রদ্ধার জন্য নয়, ভয়ে দিচ্ছে, সেটা বাবারা বোঝে না। এটা সামাজিক অবক্ষয়। এই অবক্ষয়কে সামাজিক সমস্যা হিসেবে চিহ্নিত করে তা মোকাবেলা করতে হবে।’

তিনি সমাজবিজ্ঞানীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, কীভাবে এই অবক্ষয় দূর করা যায় সে জন্য চিন্তা ভাবনা করে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। এ সময় উপস্থিত ছিলেন রংপুর মেট্রোপলিটান পুলিশ কমিশনার আব্দুল আলীম মাহমুদ, রংপুর রেঞ্জের ডিআইজি দেবদাস ভট্টাচার্যসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।