পাবনার বেড়ায় ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১

বন্দুকযুদ্ধপাবনার বেড়া উপজেলায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে ওয়ালী উল্লাহ (৩১) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। বুধবার (৩ জুলাই) দিবাগত রাত তিনটার দিকে এ ঘটনা ঘটে।

নিহত ওয়ালী উল্লাহ বেড়া পৌর সদরের শানিলা মহল্লার আকবর আলীর ছেলে।

পুলিশের দাবি, নিহত ওয়ালী উল্লাহ মাদক ব্যবসায়ী ও আন্তঃজেলা ডাকাত দলের সদস্য। তার বিরুদ্ধে পাবনার বিভিন্ন থানা ও সিরাজগঞ্জের শাহজাদপুর থানায় মোট আটটি ডাকাতি এবং মাদকের মামলা রয়েছে।

বেড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীদ মাহমুদ জানান, বুধবার রাতে  চিহ্নিত মাদক ব্যবসায়ী ওয়ালী উল্লাহকে গ্রেফতার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে  রাত তিনটার দিকে তাকে নিয়ে পৌর সদরের জোরদা এলাকায় মাদক ও অস্ত্র উদ্ধার অভিযানে যায় পুলিশ।

এসময় মাদক ব্যবসায়ীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়লে পুলিশও পাল্টা গুলি চালায়। গোলাগুলির এক পর্যায়ে মাদক ব্যবসায়ীরা পিছু হটলে ঘটনাস্থল থেকে ওয়ালী উল্লাহকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (৪ জুলাই) ভোর সাড়ে পাঁচটার দিকে সে মারা যায়।

ওসি আরও জানান, ঘটনাস্থল থেকে একটি পিস্তল, একটি শ্যুটার গান, দুটি ম্যাগাজিন, ছয় রাউন্ড গুলি ও ১৭ বোতল ফেনসিডিল উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় উপ-পরিদর্শক (এসআই) শামসুল ইসলামসহ তিন কনস্টেবল আহত হন। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।