বাড়ির লোকদের মারধরে যুবকের মৃত্যু, আটক ২

চাঁদপুর

চাঁদপুরের ফরিদগঞ্জে একই বাড়ির লোকজনের মারধরে মো. হানিফ নামের এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৪ জুলাই) দুপুরে উপজেলার মুলপাড়া গ্রামের তপাদার বাড়িতে এই ঘটনা ঘটে। এই ঘটনায় পুলিশ আরিফ ও মামুন নামে দুই জনকে আটক করেছে। তারা সম্পর্কে নিহতের জেঠাত ও ফুপাতো ভাই।

ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রকিব এই তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, হানিফ বিভিন্ন সময় নেশা করে বাড়ির লোকজনের সাথে খারাপ ব্যবহার করতো। বৃহস্পতিবার দুপুরে তার বাড়ির লোকজন তাকে মারধর করে। পরবর্তীতে তাকে উদ্ধার করে চাঁদপুর সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়।

ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রকিব বলেন, দুপুর ১২টার দিকে ওই যুবক পিটুনির শিকার হয়। পরে আড়াইটার দিকে হাসপাতালে মারা যায়।

ওই যুবক মাদকাসক্ত ছিল কিনা সেটি এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না বলেও জানান ওসি।