বরগুনায় অজ্ঞাতপরিচয় যুবকের লাশ উদ্ধার

বরগুনাবরগুনা সদর উপজেলার এম বালিয়াতলী ইউনিয়নের নিমতলী গ্রামের বয়াতি বাড়ির বাগান থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। লাশের পাশে বিষের বোতল মিলেছে। শুক্রবার (৫ জুলাই) সকাল ১০টার দিকে লাশটি উদ্ধার করা হয়। তবে কেউ লাশের পরিচয় শনাক্ত করতে পারেননি।

স্থানীয়রা জানান, শুক্রবার সকালে বয়াতি বাড়ির এক নারী বাগানে বাদাম কুড়াতে গেলে লাশ দেখতে পান। পড়ে স্থানীয়দের খবর দিলে তারা পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে নিয়ে আসে।

বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবির মোহাম্মাদ হোসেন বলেন, ‘আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে নিয়ে এসেছি। লাশের পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। তবে দেখে মনে হচ্ছে নিহত ব্যক্তির বয়স ৩০ থেকে ৩২ বছর হবে। এছাড়াও লাশের পাশে একটি বিষের বোতল পাওয়া গেছে। আমরা প্রাথমিকভাবে ধারণা করছি হয়তো বিষপানেই এই ব্যক্তির মৃত্যু হয়েছে। তবে মৃত্যুর আসল কারণ তদন্ত শেষে বলা যাবে।’