হঠাৎ করে বাস চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। অনেকে বাস না পেয়ে বাড়িতে ফিরে যাচ্ছেন আবার কেউ কেউ অতিরিক্ত টাকা খরচ করে বিকল্প যানবাহনে ঢাকা যাওয়ার চেষ্টা করছেন। তবে টার্মিনাল থেকে ঢাকা ছাড়া অভ্যন্তরীণ অন্য সব রুটে বাস চলছে।
বাস মালিক ও শ্রমিকদের অভিযোগ, মালিক সমিতির নামে শ্রমিক ইউনিয়ন ঢাকাগামী প্রতিটি চেয়ারকোচ বাসে ৩৬০ টাকা করে নেওয়ার কথা থাকলেও তারা ৪৪০ টাকা করে আদায় করছে। এছাড়া পলাশবাড়ি ও গোবিন্দগঞ্জ রুটে শ্রমিক ইউনিয়নের নেতারা নানা কারণে বাসের স্টাফদের সঙ্গে খারাপ ব্যবহার করেন।
ঢাকাগামী অরিণ ট্রাভেলসের ম্যানেজার রেজাউল করিম বলেন, ঢাকাগামী বাস চলাচল বন্ধ থাকার সিদ্ধান্ত শুক্রবার রাতে নেওয়া হয়। অতিরিক্ত চাঁদা আদায় ও বাস স্টাফদের সঙ্গে শ্রমিক ইউনিয়নের নেতাদের খারাপ ব্যবহারের আপস না হওয়া পর্যন্ত বাস চলাচল বন্ধ থাকবে।
এ বিষয়ে গাইবান্ধা পুলিশ সুপার আবদুল মান্নান মিয়া বলেন, যাত্রীদের দুর্ভোগের কথা চিন্তা করে বিষয়টি দ্রুত সমাধানের চেষ্টা চলছে। এ নিয়ে উভয়পক্ষের সঙ্গে আলোচনা করা হচ্ছে।