আদমদীঘিতে পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক গ্রেফতার

বগুড়া

বগুড়ার আদমদীঘিতে ঘরে ঢুকে পঞ্চম শ্রেণির একজন স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে নুর ইসলাম (২১) নামে এক যুবককে আটক করা হয়েছে। শুক্রবার রাতে উপজেলার কাথলা গ্রামে এ ঘটনা ঘটে। এই ঘটনায় ছাত্রীর দাদি বাদী হয়ে থানায় মামলা করেছেন।

শনিবার (৬ জুলাই) সকালে আদমদীঘি থানা পুলিশ ওই যুবককে গ্রেফতার করে। পরে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

আদমদীঘি থানার এসআই মহাদেব সরকার জানান, সৌদি আরব প্রবাসীর মেয়ে স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণিতে পড়ে। একই গ্রামের একছার আলীর ছেলে নুর ইসলাম সম্প্রতি বিদেশ থেকে বাড়িতে ফেরে। এরপর থেকে সে প্রতিবেশী ওই ছাত্রীকে উত্ত্যক্ত করে আসছিল। ছাত্রীর পরিবার ঘটনাটি ওই যুবকের পরিবারকে জানালে তারা কোনও ব্যবস্থা নেয়নি। শুক্রবার রাত ৯টার দিকে নুর ইসলাম ছাত্রীর ঘরে ঢুকে তাকে ধর্ষণের চেষ্টা করে। ছাত্রীর মা টের পেয়ে নুর ইসলামকে ঘরে আটক করে। প্রতিবেশীদের জানানো হলে প্রভাবশালীরা এই ঘটনা চাপা দিতে রাতভর বৈঠক করে। শনিবার সকালে খবর পেয়ে আদমদীঘি থানা পুলিশ নুরকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। এরপর ছাত্রীর দাদী থানায় মামলা করেছেন।

তদন্তকারী কর্মকর্তা এসআই মহাদেব সরকার জানান, শনিবার বিকালে আদালতের মাধ্যমে আসামিকে জেল হাজতে পাঠানো হয়েছে। এছাড়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ছাত্রী ২২ ধারায় জবানবন্দি দিয়েছে।