থান‌চির নদীপ‌থে পর্যটক ভ্রম‌ণে নি‌ষেধাজ্ঞা

বান্দরবান

শ‌নিবার রাত থে‌কে শুরু হওয়া টানা ভারী বর্ষ‌ণের ফ‌লে সাঙ্গু নদীর পা‌নি বিপদসীমার ওপর দি‌য়ে প্রবা‌হিত হচ্ছে। এ কারণে থান‌চি উপ‌জেলার নাফাখুম, রেমাক্রী, বড়পাথর, বড়মদকসহ নদী প‌থের সব পর্যটন কেন্দ্রে পর্যটক ভ্রম‌ণে নি‌ষেধাজ্ঞা জা‌রি ক‌রে‌ছে উপ‌জেলা প্রশাসন।

রবিবার (৭ জুন) প্রশাসন সূ‌ত্রে জানা গে‌ছে, সাঙ্গু নদীর পা‌নি বে‌ড়ে গি‌য়ে তীব্র স্রো‌তের সৃ‌ষ্টি হওয়ায় পর্যটক‌দের নদী প‌থে ভ্রম‌ণে নিরুৎসা‌হিত করা হ‌চ্ছে।

প্র‌তিবছরই থান‌চির দুর্গম এলাকার এসব পর্যটন কে‌ন্দ্র থেকে স্রো‌তের টা‌নে ভে‌সে গি‌য়ে অ‌নেক পর্যটকের মৃত্যু ঘ‌টে। তাই বাড়‌তি সর্তকতার কার‌ণে এবং জীব‌নের ঝুঁ‌কি এড়া‌তে পর্যটক‌দের ভ্রম‌ণে নিষেধাজ্ঞা জা‌রি করা হ‌য়ে‌ছে।

এ বিষ‌য়ে থান‌চি উপ‌জেলা নির্বাহী কর্মকর্তা মো. আ‌রিফুল হক মৃদুল ব‌লেন, ‘নদীর পা‌নি বেশি বেড়ে যাওয়ায় ও পাহা‌ড়ের কাদা জ‌মে যাওয়ায় পর্যটক‌দের ভ্রম‌ণের সু‌যোগ নেই। তাই পর্যটক ভ্রম‌ণে নিষেধাজ্ঞা জা‌রি করা হ‌য়ে‌ছে। পরি‌স্থি‌তি যতক্ষণ পর্যন্ত স্বাভা‌বিক না হয় ততক্ষণ পর্যন্ত এই নি‌ষেধাজ্ঞা থাক‌বে। বৃ‌ষ্টি কমে এলেই পর্যটকরা আবা‌রেও ভ্রমণ কর‌তে পার‌বেন।