নকল ড্রাগ লাইসেন্স তৈরির দায়ে একজনের দুই মাসের কারাদণ্ড

নোয়াখালী

নোয়াখালী জেলা শহরের টোকিও ফুড নামক একটি দোকানে অভিযান চালিয়ে জাল ড্রাগ লাইসেন্সসহ বাহার উদ্দিন (৪৬) নামের একজনকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রোকনুজ্জামান খানের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।

দণ্ডপ্রাপ্ত বাহার উদ্দিন হাতিয়া উপজেলার চরকিং ইউনিয়নের চরকিং গ্রামের মৃত হানিফ মিয়ার ছেলে।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে নোয়াখালী জেলার মাইজদি মেইন রোডের পশ্চিম পাশে টোকিও ফুড এর ভেতরে ছদ্মবেশে অভিযান পরিচালনা করা হয়। এসময় অভিযুক্ত ব্যক্তি ও আবেদনকারী নিজেদের মধ্যে লাইসেন্স দেওয়ার বিষয়ে আগ্রহ প্রকাশ করে মৌখিক চুক্তি সম্পাদন করে। অভিযুক্ত ব্যক্তি তাকে লাইসেন্স সরবরাহ করার জন্য কেমিস্ট ব্যাতীত ৩৫ হাজার টাকা ও কেমিস্ট সার্টিফিকেট থাকলে ৩০ হাজার টাকার চুক্তি করে। অভিযানের সময় অভিযুক্তের কার্যক্রম একাধিক মোবাইল ফোনে ভিডিও রেকর্ড করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে প্রত্যক্ষ সাক্ষীদের উপস্থিতিতে অভিযুক্ত ব্যক্তি বাহার উদ্দিন তার বিরুদ্ধে আনীত অভিযোগ স্বীকার করেন এবং তাকে দণ্ডবিধি ১৮৬০ অনুযায়ী দুই মাসের বিনাশ্রম করাদণ্ড দিয়ে জেলা কারাগারে প্রেরণ করা হয়।