কৃষককে লাভবান করতে চালের পাশাপাশি এবার দুই ধাপে সরকারিভাবে চার হাজার মেট্রিক টন ধান কেনা হচ্ছে। এরপরও দর নিম্নমুখী হলে প্রয়োজনে প্রান্তিক কৃষকের কাছ থেকে আরও ধান কিনবে সরকার।
রবিবার (৭ জুলাই) নওগাঁর নিয়ামতপুরে উপজেলা খাদ্যগুদাম পরিদর্শনে গিয়ে এসব কথা বলেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।
মন্ত্রী বলেন, কৃষি বিভাগ থেকে সঠিক সময়ে চাষির তালিকা না পাওয়ায় ধান সংগ্রহে কিছুটা বিলম্ব হচ্ছে। সংগ্রহ কার্যক্রমে গতি আনতে উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের নজরদারির নির্দেশনা দেন তিনি।
তিনি আরও বলেন, সরকার ক্রয় শুরু হলে কিছুটা দাম বাড়ে। কিন্তু সেই দর কৃষকের কাছে আশানুরূপ না হওয়ায় আবারও নতুন করে আড়াই লাখ টন ধান কেনার সিদ্ধান্ত নেওয়া হয়। দেশের প্রতিটি সরকারি খাদ্য গুদামে ধান ও চাল সংগ্রহ চলছে। গুদামগুলোতে যাতে কোনও ধরনের অনিয়ম না হয়, ধান দিতে গিয়ে কৃষকরা যাতে হয়রানির শিকার না হয় সেজন্য নির্বাহী কর্মকর্তাদের কড়া নজরদারির নির্দেশ দিয়েছেন মন্ত্রী।