নারায়ণগঞ্জে বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

দুর্ঘটনায় বিক্ষুব্ধরা বন্ধন পরিবহনের একটি বাসে আগুন ধরিয়ে দেয়নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকায় ঢাকাগামী বন্ধন পরিবহনের একটি বাসের চাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। রবিবার (৭ জুলাই) রাত ১০ টায় এ ঘটনা ঘটে। নিহতের নাম নুরুল ইসলাম বাদল (২০)। তিনি সিদ্ধিরগঞ্জের মিজমিজি কান্দাপাড়া এলাকার গিয়াস উদ্দিনের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ১০টায় বন্ধন পরিবহনের একটি যাত্রীবাহী বাস একটি মোটরসাইকেলকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই আরোহী বাসের নিচে চাপা পড়ে মারা যান। এ সময় আহত হন মোটরসাইকেলটির আরও দুই আরোহী। পরে স্থানীয়রা তাদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়।
দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্থানীয়রা সাইনর্বোড এলাকায় জড়ো হয়ে বিক্ষোভ করেন। বিক্ষুব্ধরা বন্ধন পরিবহনের একটি বাসে আগুন ধরিয়ে সড়ক অবরোধ করে রাখেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাসটি আটক করলে এলাকাবাসী অবরোধ প্রত্যাহার করে নেন।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন পারভেজ জানান, বাসটি জব্দ করা হয়েছে। তবে চালক ও হেলপার পালিয়ে গেছে।