দিনাজপুরের বড়পুকুরিয়া তাপ বিদুৎ কেন্দ্রে নিয়োগের দাবিতে শ্রমিকদের অবরোধ কর্মসূচি চলাকালে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় ৫৬ জনের নামসহ মোট দুইশ’ শ্রমিকের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন পুলিশ। এরপর ১৬ জনকে গ্রেফতার দেখিয়ে আদালতে নেওয়া হয়েছে।
পার্বতীপুর মডেল থানার ওসি মখলেছুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, বড়পুকুরিয়া তাপ বিদুৎ কেন্দ্র এলাকায় আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে।
পুলিশের হতে আটকরা হলেন- শ্রমিক অধিকার আন্দোলন পরিচালনা কমিটির সভাপতি হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক আবু সাঈদ, শ্রমিক নেতা আরিফুল ইসলাম, মাজেদুল ইসলাম, মানোয়ার হোসেন, মমিনুল ইসলাম, মাজেদুল হক, জিয়াবুল ইসলাম, শাহিনুর রহমান, শাহিনুল ইসলাম, রুহুল আমিন, রবিউল ইসলাম, নোমান, আবুল আজাদ, মোস্তাফিজুর রহমান ও মোজাহিদুল।
এদিকে শ্রমিক নেতা ও বাংলাদেশ ট্রেড ইউনিয়নের সাধারণ সম্পাদক নুর আলম অভিযোগ করেছেন, ‘পুলিশি আতঙ্কে এখন ঘরছাড়া হয়ে পড়েছে শ্রমিকরা। শ্রমিকরা বাড়িতে না থাকতে পারায় তাদের পরিবারের সদস্যরা বিপাকে পড়েছে।’
এ ব্যাপারে ফুলবাড়ী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আশিষ বীন হাছান জানান, শ্রমিকরা বিশৃঙ্খলা সৃষ্টি না করলে নিরাপরাধ কোনও ব্যক্তিকে আটক করা হবে না।
উল্লেখ্য, তাপ বিদ্যুৎ কেন্দ্রের ২৭৫ মেগাওয়াট তৃতীয় ইউনিটে ১৫৪ জন অভিজ্ঞ শ্রমিক নিয়োগের দাবিতে পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী শ্রমিকসহ স্থানীয় অধিবাসীরা রবিবার সকাল থেকে দ্বিতীয় দিনের মত খনি গেটে সড়ক অবরোধ শুরু করে। দুপুরে পুলিশ গিয়ে আন্দোলনরদের অবরোধ থেকে সরে আসতে বললে বাক-বিতণ্ডা ঘটে। এক পর্যায়ে পুলিশের সঙ্গে তাদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটলে পুলিশ লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দেয়।