গাজীপুরে কোটি টাকার বৈদ্যুতিক তার ও চুরির সরঞ্জাম উদ্ধার

কোটি টাকার বৈদ্যুতিক তার ও তার চুরির সরঞ্জামসহ তিনজনকে আটকগাজীপুরে প্রায় কোটি টাকার বৈদ্যুতিক তার ও তার চুরির সরঞ্জামসহ তিনজনকে আটক করেছে র‍্যাব-১ এর সদস্যরা। সোমবার (৮ জুলাই) ভোরে সদর উপজেলার মেম্বারবাড়ী এলাকার আইডিয়াল কিন্ডারগার্টেনের পাশে মনিরের গুদাম ঘরে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলো মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার কোলাপাড়া গ্রামের মৃত জালাল শেখের ছেলে উজ্জল শেখ (৪৯), নড়াইল জেলার লোহাগড়া থানার সারুলিয়া গ্রামের জালাল শেখের ছেলে  খাইরুল শেখ (৩৫) ও গাজীপুর সদর থানার বানিয়ারাচালা গ্রামের মৃত ইসমাইল হোসেনের ছেলে শাহীন আলম (৩৫)।

র‍্যাব-১ এর কোম্পানি কমান্ডার লে. কমান্ডার আব্দুল্লাহ আল মামুন জানান, তাদের কাছ থেকে প্রায় ১৫ হাজার কেজি বৈদ্যুতিক তার, ৪’শ কেজি মূল্যবান ড্রামের রড, তিনটি চাপাতি, দা ও ১৪টি মোবাইলফোনসহ চুরির সরঞ্জাম উদ্ধার করা হয়। উদ্ধারকৃত পণ্যের বাজারমূল্য প্রায় এক কোটি টাকা। তাদের গাজীপুর সদর থানায় মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।