পাহাড়ি ঢলে ফেনীর ৩ নদীর পানি বিপদসীমার ওপরে

ফেনীসীমান্তের ওপারে ভারতীয় পাহাড়ি ঢলে ফেনীর মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর পানি বিপদসীমার ১.৭০ সে.মি. ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে নদী তিনটির বন্যা নিয়ন্ত্রণ বাঁধে ভাঙন শুরু হয়েছে। ভয়াবহ বন্যার আশঙ্কায় এসব নদীতীরের আড়াই লাখ মানুষ আতঙ্কে দিন কাটাচ্ছে। পানি উন্নয়ন বোর্ডের স্থানীয় কর্মকর্তা মো. নুরের নবী মঙ্গলবার (৯ জুলাই) এই তথ্য জানিয়েছেন।

পরশুরাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রাসেলুল কাদের বাংলা ট্রিবিউনকে বলেন, ‘উপজেলার চিথলিয়া ইউনিয়নের উত্তর শালধর গ্রামে মুহুরী নদীর বাঁধে ভাঙন দেখা গেছে। এছাড়া পরশুরামের বিভিন্ন স্থানে মুহুরী নদীর বেড়িবাঁধ ধসে পড়েছে। জয়পুর গ্রামের পশ্চিমে মুহুরী নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ধসে গেছে।’

ফুলগাজী উপজেলা চেয়ারম্যান আবদুল আলীম বলেন,  ‘মুহুরী নদীর পানি ফুলগাজী উপজেলার গার্ড ওয়ালের ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে ফুলগাজীর বাজারে ও দোকানে পানি ঢুকতে শুরু করেছে।’

পশ্চিম ঘনিয়া মোড়া গ্রামের জাহিদুল ইসলাম জানান,  জয়পুর ও পশ্চিম ঘনিয়া মোড়া গ্রামেই বেশির ভাগ বেড়িবাঁধ ভেঙে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। সিলোনিয়া নদীসংলগ্ন সুবার বাজার ও দৌলতপুরের বেড়িবাঁধগুলো ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে।

মো. নুরের নবী  জানান,  মুহুরী-কহুয়া ও সিলোনিয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ঝুঁকিপূর্ণ স্থানগুলো পর্যবেক্ষণে আছে।