কুড়িগ্রামের রৌমারী উপজেলায় অসুস্থ গরুর মাংস বিক্রির অপরাধে দুই বিক্রেতার ১৫ দিনের করে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এছাড়া একাজে সহায়তার অপরাধে আরও দুইজনকে অর্থদণ্ড দেওয়া হয়েছে।
মঙ্গলবার (৯ জুলাই) ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী মেজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দীপঙ্কর রায় এই তথ্য নিশ্চিত করেছেন।
ইউএনও জানান, উপজেলার শৌলমারি ইউনিয়নের বড়াইকান্দি বাজারে অসুস্থ গরু জবাই করে মাংস বিক্রির চেষ্টাকালে আব্দুল হামিদ ও আমিনুল ইসলাম নামে দুইজনকে হাতেনাতে ধরা হয়। তারা জিজ্ঞাসাবাদে স্বীকার করে যে, অসুস্থ একটি গরু মারা যাওয়ার আগে তারা জবাই করে সেই মাংস বিক্রির উদ্দেশ্যে বড়াইকান্দি বাজারে নির্ধারিত কসাইখানায় নিয়ে এসে বিক্রির চেষ্টা করেছেন।
ইউএনও আরও বলেন, ‘ভ্রাম্যমাণ আদালত ভেটেরিনারি সার্জন এবং সেনেটারি ইন্সপেক্টর কর্তৃক মাংস পরীক্ষা করলে তারা প্রত্যয়ন দেন যে, এই মাংস খাওয়ার উপযুক্ত নয়। পরে পশু জবাই ও মাংস নিয়ন্ত্রণ আইন-২০১১ অনুযায়ী মোবাইল কোর্টের মাধ্যমে আব্দুল হামিদ ও আমিনুল ইসলাম নামে দু’জনকে ১৫ দিনের করে কারাদণ্ড প্রদান করা হয়। তাদের সহযোগী অপর দুই জনকে এক হাজার টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়। জব্দ মাংস মাটিতে পুঁতে ফেলা হয়।’