বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি চট্টগ্রাম (ইউএসটিসি) বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের উপদেষ্টা অধ্যাপক মাসুদ মাহমুদের গায়ে কেরোসিন ঢেলে দেওয়ার ঘটনায় গ্রেফতার মাহমুদুল হাসানকে ফের একদিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত।
বুধবার (১০ জুলাই) চট্টগ্রাম মহানগর হাকিম মো. শফি উদ্দিন এই আদেশ দেন।
নগর পুলিশের সহকারী কমিশনার (প্রসিকিউশন) কাজী শাহাবুদ্দিন আহমেদ এ তথ্য জানিয়েছেন।
এর আগে, ২ জুলাই অধ্যাপক মাসুদ মাহমুদের গায়ে কেরোসিন ঢেলে দেওয়ার ঘটনায় মাহমুদুল হাসানকে গ্রেফতার করে পুলিশ। এরপর ৪ জুলাই আদালত তাকে এক দিনের রিমান্ডে পাঠায়।
কাজী শাহাবুদ্দিন আহমেদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বুধবার মাহমুদুল হাসানকে আদালতে তুলে পুলিশ ৫ দিনের রিমান্ড আবেদন করে। শুনানি শেষে আদালত তাকে এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।’
অধ্যাপক মাসুদ মাহমুদ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে অবসরের পর গত বছর ইউএসটিসি যোগ দিয়েছেন।
উল্লেখ্য, ২ জুলাই দুপুর ১২টার দিকে পঞ্চম সেমিস্টারের ক্লাস শেষ করে বিভাগের চেয়ারম্যানের কক্ষে গেলে সেখানে মাসুদ মাহমুদের সঙ্গে একই বিভাগের শিক্ষার্থীদের তর্ক-বির্তক হয়। এক পর্যায়ে ওই শিক্ষককে টেনে হেঁচড়ে লিফটে নিচে নামিয়ে আনে কয়েকজন। পরে বিশ্ববিদ্যালয়ের মূল গেটে নিয়ে তার গায়ে কেরোসিন ঢেলে দেয়। এই ঘটনায় পুলিশ মাহমুদুল হাসান নামে এক শিক্ষার্থীকে আটক করে। পরে ওই শিক্ষার্থী অধ্যাপক মাসুদ মাহমুদের গায়ে কেরোসিন ঢেলে দেওয়ার বিষয়টি স্বীকার করে। এ ঘটনায় ওই শিক্ষার্থীর বিরুদ্ধে থানায় মামলা দায়ের করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।