দ্বিতীয় শ্রেণিতে পড়ুয়া নাতনিকে ধর্ষণের মামলায় নানা সম্পর্কের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। ৯ জুলাই করিমগঞ্জে এই ধর্ষণের ঘটনার পর থেকে শিশুটি কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে জানা গেছে।
শুক্রবার বিকালে শিশুটির বাবা বাদী হয়ে করিমগঞ্জ থানায় একটি মামলা দায়েরের পর রাতেই ঢাকার কদমতলী থেকে অভিযুক্ত ইদ্রিছ মিয়াকে (৫০) গ্রেফতার করেছে পুলিশ। ইদ্রিছ মিয়া করিমগঞ্জ উপজেলার নাহিরাজপাড়া গ্রামের মৃত মঙ্গল মিয়ার ছেলে।
শনিবার (১৩ জুলাই) করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মমিনুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে শিশুটিকে যৌন পীড়নের কথা পুলিশের কাছে স্বীকার করেছে ইদ্রিছ।
মামলার এজাহারে বলা হয়, আসামি ইদ্রিছ শিশুটির মায়ের ফুপা। সেদিক থেকে মেয়েটির নানা হয় ইদ্রিছ। ৯ জুলাই ইদ্রিছের চাচাতো ভাই মারা যাওয়ার খবর পেয়ে ওই এলাকায় যায়। সেখানে রাতে থাকার মতো জায়গা না থাকায় ইদ্রিছ মামলার বাদীর বাড়ি যায়। ওই বাড়ির একটি বিছানায় ওই শিশু ও বাদীর শাশুড়ি ঘুমাচ্ছিল। তখন ইদ্রিছকে দেখে বাদীর শাশুড়ি অন্য ঘরে চলে যান। ওই শিশুটির সঙ্গে রাতে ঘুমানোর সময় তাকে ধর্ষণ করে ইদ্রিছ। পরের দিন সকালে উঠে ইদ্রিছ নারায়ণগঞ্জ চলে যায়। একপর্যায়ে নানির কাছে ঘটনাটি খুলে বলে ওই শিশু। এরপর সেদিন রাতেই মেয়েটিকে চিকিৎসার জন্য কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়। সেখানে তার চিকিৎসা চলছে।