যৌন হয়রানির অভিযোগে ৩ শিক্ষককে বরখাস্ত করলেন সেলিম ওসমান

বুধবার দুপুরে বিদ্যালয়ে উপস্থিত হয়ে আলোচনা করছেন এমপি সেলিম ওসমান নারায়ণগঞ্জের বন্দরে নাগিনা জোহা উচ্চ বিদ্যালয়ের এক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে তিন শিক্ষককে বরখাস্ত করেছেন স্থানীয় সংসদ সদস্য (এমপি) সেলিম ওসমান। এছাড়া প্রকৃত ঘটনা ধামাচাপা দেওয়ার অভিযোগে বিদ্যালয় পরিচালনা কমিটিও ভেঙে দিয়েছেন তিনি। বুধবার (২৪ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছেন বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা পিন্টু বেপারি।

তিনি জানান, স্কুলছাত্রীকে যৌন হয়রানির ঘটনা গণমাধ্যমে প্রকাশিত সংবাদের পরিপ্রেক্ষিতে বুধবার দুপুরে বিদ্যালয়ে উপস্থিত হয়ে এমপি সেলিম ওসমান এ নির্দেশ দেন।

বরখাস্ত হওয়া শিক্ষকরা হলেন– ইংরেজি শিক্ষক আল-আমিন, হিসাব বিজ্ঞান শিক্ষক কাউসার ও গণিত শিক্ষক রতনচন্দ্র সূত্রধর। 

বন্দর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পিন্টু বেপারি বলেন, ‘নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য সেলিম ওসমানের অর্থায়নে বন্দরের মদনপুর ইউনিয়নের বাগদোবাড়িয়া গ্রামে নির্মিত নাগিনা জোহা উচ্চ বিদ্যালয়ের ইংরেজি শিক্ষক আল-আমিন এক ছাত্রীকে যৌন হয়রানির চেষ্টা করে। ঘটনার পর অভিযুক্ত শিক্ষকের শাস্তির দাবিতে মানববন্ধন করে শিক্ষার্থীরা। বিয়ষটি গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পর বুধবার দুপুরে সেলিম ওসমান বিদ্যালয়ে উপস্থিত হয়ে আলোচনায় বসেন। আলোচনার সিদ্ধান্ত অনুযায়ী তিনি আল-আমিন ও তাকে সহযোগিতা করার অভিযোগে হিসাব বিজ্ঞান বিভাগের শিক্ষক কাউসার ও গণিত শিক্ষক রতনচন্দ্র সূত্রধরকে বরখাস্ত করেন। এছাড়া ঘটনা ধামাচাপা দেওয়ার অপরাধে বর্তমান পরিচালনা পর্ষদ বাতিল ঘোষণা করেন।’

এ সময় উপস্থিত ছিলেন– বন্দর উপজেলা পরিষদ চেয়ারম্যান এমএ রশীদ ও নারায়ণগঞ্জ জেলা জাতীয় পার্টির আহ্বায়ক আবুল জাহের ও মদনপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গাজী এমএ সালামসহ অনেকে।