রোগী সেজে ভুয়া ডাক্তার ধরলো পুলিশ

রোগী সেজে ভুয়া ডাক্তার ধরলো পুলিশচাঁদপুরের হাজীগঞ্জে রোগী সেজে ভুয়া এক চক্ষু চিকিৎসককে আটক করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় চাঁদপুরের হাজীগঞ্জ বাজারের বিশ্বরোডে নিউ লায়ন্স চক্ষু হাসপাতাল থেকে ভুয়া চিকিৎসক ইমন চৌধুরীকে গ্রেফতার করা হয়। প্রায় আড়াই বছর ধরে তিনি চিকিৎসক সেজে রোগী দেখে আসছিলেন। একইসঙ্গে তিনি হাসপাতালের ম্যানেজার হিসেবেও কাজ করছিলেন বলে জানিয়েছে পুলিশ।

ইমন চৌধুরীর গ্রামের বাড়ি ফরিদপুর জেলায়। পুলিশ জানিয়েছে, তিনি ফরিদপুরের একটি কলেজ থেকে এইচএসসি পাস করেছেন বলে দাবি করেন। কিন্তু ডাক্তারি পাসের কোনও প্রমাণ দেখাতে পারেননি।

পুলিশ ও স্থানীয়রা জানান, হাজীগঞ্জ থানার এক পুলিশ সদস্য রোগী সেজে নিউ লায়ন্স চক্ষু হাসপাতালে যান। ওই সময় ভুয়া চিকিৎসক ইমন চৌধুরী তার বাম চোখ অপারেশনের কথা বলেন। এ সময় বাইরে প্রস্তুত থাকা অতিরিক্ত পুলিশ সুপার আফজাল হোসেন ফোর্স নিয়ে হাসপাতালে হানা দেন।

অতিরিক্ত পুলিশ সুপার আফজাল হোসেন জানান, ‘ইমন চৌধুরী ওই হাসপাতালে ম্যানেজার হিসেবে চাকরি করছিল। কিন্তু সে হাসপাতালে ডাক্তারের কাজও করছিল। তাই সেবা নিতে এসে রোগী ও তাদের স্বজনদের সন্দেহ হয়। তাদের মাধ্যমেই আমরা বিভিন্ন সময় খবর পাচ্ছিলাম। এরই ধারাবাহিকতায় আমরা একজন পুলিশ সদস্যকে রোগী হিসেবে তার কাছে পাঠাই। পরে আমরা সেখানে গিয়ে তাকে জিজ্ঞেস করলাম আপনি কি ডাক্তার? তখন সে বললো আমি ডাক্তার না। আমরা তাকে হাতেনাতেই ধরেছি। তার ভিজিটিং কার্ডও পেয়েছি। সে হাসপাতালের অন্য একজন ডাক্তারের চেম্বারে বসে রোগী দেখে। যখন ওই ডাক্তার হাসপাতালে থাকেন না তখন সে এই কাজ করে। মানুষকে বোঝায় সে-ই ডাক্তার।’

এ বিষয়ে মামলা হয়েছে এবং গ্রেফতার দেখিয়ে তাকে আদালতে সোপর্দ্য করা হবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।