এ সময় তিনি সংখ্যালঘুদের বিষয়ে সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে অভিযোগ করা প্রিয়া সাহার মন্তব্য প্রসঙ্গে বলেন, ‘সংখ্যালঘু সম্প্রদায় নিয়ে তার বক্তব্য ড. কামাল হোসেন গংদের প্ররোচনায় হচ্ছে কিনা, তা খতিয়ে দেখতে হবে। নির্বাচনি মাঠে হেরে গিয়ে, আন্দোলন করে আওয়ামী লীগকে হঠানো যাবে জেনে তারা এসব চক্রান্ত শুরু করেছে।’
তিনি দুপুর ১২টায় কাজিপুর উপজেলা আওয়ামী লীগ কার্যালয়, দুপুর ২টায় কাজিপুর আরডি হাইস্কুল মাঠে কারিতাস রাজশাহী অঞ্চলের ত্রাণ বিতরণ করেন। বিকাল ৩টায় সদরের ছোনগাছা ইউনিয়নে নাপিত, কামার, কুমারসহ অবহেলিত প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে সরকারের ভাতা প্রদান কার্ড ও অনুদান প্রদান অনুষ্ঠানে বক্তব্য দেন। বিকালে জেলা শহরে গিয়ে তিনি শহররক্ষা বাঁধ ‘হার্ড পয়েন্ট’ পরিদর্শন করেন।
ত্রাণ বিতরণকালে বন্যাদুর্গত মানুষদের উদ্দেশে মোহাম্মদ নাসিম বলেন, ‘প্রাকৃতিক যেকোনও দুর্যোগে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের নেতাকর্মীরা জনগণের পাশে আছে এবং থাকবে। আওয়ামী লীগ ছাড়া অন্য কোনও দল দুর্গত এলাকায় আসেননি। তারা ঢাকায় বসে শুধু বক্তৃতা বিবৃতি দিয়ে নিজেদের দায় এড়ানোর চেষ্টা করছে।’
কাজিপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী, উপজেলা নির্বাহী অফিসার জাহিদ হাসান সিদ্দিকী, সাবেক উপজেলা চেয়ারম্যান মোহাম্মেল হক বকুল, উপজেলা আওয়ামী লীগ সভাপতি শওকত হোসেন এ সময় উপস্থিত ছিলেন।