রাজবাড়ী জেলা সদরের মিজানপুরে নদী থেকে আলফি (৭) নামের এক শিশুর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (২৪ জুলাই) বিকালে সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের গঙ্গাপ্রসাদপুর গ্রামে এই ঘটনা ঘটে। আলফি ওই গ্রামের মো. মিলনের ছেলে।
রাজবাড়ী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ সহকারী পরিচালক শওকত আলী জোয়ার্দার বিষয়টি নিশ্চিত করেছেন।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, স্কুল ছুটির পর আলফি তার বাবার সঙ্গে পাশের গঙ্গপ্রসাদপুরের নদীতে গোসল করতে যায়। নদীতে নামার পর এক পর্যায়ে সে পানির স্রোতে ভেসে যায়। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা পানিতে নেমে শিশুটিকে খুঁজতে শুরু করে। পরবর্তীতে ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার কাজে যোগ দেয়। বিকেলে তার মৃতদেহ উদ্ধার হয়।