মোটরসাইকেল থেকে পড়ে ট্রাকের চাপায় গ্রামীণফোন কর্মকর্তা নিহত

বগুড়াবগুড়ায় নববিবাহিতা স্ত্রীর সঙ্গে ফোনে কথা বলার সময় মোটরসাইকেল থেকে পড়ে গিয়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে রবিউল ইসলাম (৩৫) নামে গ্রামীণফোনের এক কর্মকর্তা মারা গেছেন। বুধবার রাতে বগুড়া শহরতলির এরুলিয়া এলাকায় বগুড়া-নওগাঁ সড়কে এ দুর্ঘটনা ঘটে।

সদর থানার এসআই খোরশেদ আলম ও প্রত্যক্ষদর্শীরা জানান, রবিউল ইসলাম বগুড়া সদরের সাবগ্রাম ইউনিয়নের গোবরধনপুর গ্রামের নজমুল হোসেনের ছেলে। তিনি গ্রামীণফোন দুপচাঁচিয়া শাখায় সেলস এক্সিকিউটিভ পদে চাকরি করতেন। রবিউল সম্প্রতি বিয়ে করেছেন। বুধবার রাতে সহকর্মী শহরের চকলোকমান কলোনীর রনি হাসানের সঙ্গে মোটরসাইকেলে দুপচাঁচিয়া থেকে বাড়িতে ফিরছিলেন। রবিউল পেছনে বসেছিলেন। রনির উদ্ধৃতি দিয়ে পুলিশ জানায়, রাত ১১টার দিকে তারা বগুড়া শহরতলির এরুলিয়ায় শম্ভু ফ্লাওয়ার মিলের সামনে পৌঁছান। তখন রবিউল তার স্ত্রীর সঙ্গে মোবাইল ফোনে কথা বলছিলেন। এসময় একটি গাড়িকে সাইড দিতে গিয়ে ঝাঁকুনি হলে রবিউল ইসলাম পেছন থেকে বগুড়া-নওগাঁ সড়কে পড়ে যান। পেছনে আসা একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই রবিউলের মৃত্যু হয়।

এসআই খোরশেদ আলম আরও জানান, নিহত রবিউল ইসলামের মরদেহ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টা পর্যন্ত এ ব্যাপারে থানায় কোনও মামলা হয়নি। সদর থানার ইন্সপেক্টর (তদন্ত) রেজাউল করিম রেজা এর সত্যতা নিশ্চিত করেছেন।