ব্রাহ্মণবাড়িয়ায় অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলছে

ব্রাহ্মণবাড়িয়ায় বাস ধর্মঘটমহাসড়কে অবৈধ নসিমন, করিমন, সিএনজি ও ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল বন্ধসহ সাত দফা দাবিতে আজ বৃহস্পতিবার (২৫ জুলাই) সকাল ৬টা থেকে ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের ডাকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট শুরু হয়েছে। ধর্মঘটের কারণে শহরের ভাদুঘর আন্তঃজেলা বাসটার্মিনাল থেকে ঢাকা বা চট্টগ্রামের দিকে দূরপাল্লার কোনও বাস ছেড়ে যায়নি। বন্ধ রয়েছে অভ্যন্তরীণ রুটের সব ধরনের বাস চলাচলও।

ধর্মঘটের সমর্থনে সড়ক পরিবহন মালিক-শ্রমিকদের পক্ষে সকাল থেকে কোনও ধরনের পিকেটিং করতে দেখা যায়নি। ফলে প্রতিদিনের মতো সিএনজি অটোরিকশাসহ ছোট এবং মাঝারি আকারের সব ধরনের যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। পাশাপাশি প্রতি ঘণ্টায় ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-সিলেট রেলপথে প্রতিটি ট্রেন ব্রাহ্মণবাড়িয়ায় নিয়মিত যাত্রাবিরতি করায় যাত্রী সাধারণের চলাচলে বড় ধরনের সংকট তৈরি হয়নি।

এদিকে ধর্মঘট চলাকালে আজ বৃহস্পতিবার দুপুরে জেলা বাস-মিনিবাস পরিবহন মালিক সমিতির সভাপতি হাজি জসিম উদ্দিন জমসেদ, সাধারণ সম্পাদক মো. হানিফ, জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি ওমর ফারুক জীবনসহ পরিবহন মালিক সমিতির নেতারা জানান, তাদের সাত দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের সঙ্গে মালিক-শ্রমিক ঐক্যপরিষদের একাধিক বৈঠক হয়েছে। কিন্তু কোনও লাভ হয়নি। তাই বাধ্য হয়েই আজ সকাল ৬টা থেকে তারা অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট পালন করছেন।