নৈশকোচের চাপায় চা বিক্রেতার মৃত্যু

কুড়িগ্রামকুড়িগ্রামের ফুলবাড়ীতে নৈশকোচের চাপায় আয়নাল হক (৩৫) নামে এক চা বিক্রেতা নিহত হয়েছেন। শনিবার (২৭ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার ব্র্যাক মোড়ে এ দুর্ঘটনা ঘটে। ফুলবাড়ী থানার অফিসার ইন চার্জ (ওসি) খন্দকার ফুয়াদ রূহানী এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত আয়নাল হক উপজেলার সদর ইউনিয়নের চন্দ্রখানা গ্রামের মৃত মজিবর রহমানের ছেলে।

নিহতের চাচা আমির আলী ও স্থানীয়রা জানান, আয়নাল হক উপজেলা পরিষদ গেট সংলগ্ন একটি দোকানে চা বিক্রি করেন। তিনি প্রতিদিন সকালে হাঁটতে বের হন। শনিবার সকালে হাঁটতে বের হলে ঢাকা থেকে কুড়িগ্রাম হয়ে ফুলবাড়ীগামী খাজা পরিবহণ নামে একটি নৈশকোচ উপজেলার ব্র্যাক মোড়ে আয়নালকে চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় আয়নালকে ফুলবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করেন। রংপুর নেওয়ার পথে আয়নাল হক মারা যান।

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার ফুয়াদ রুহানী  জানান, ‘বিষয়টি আমি শুনেছি। মরদেহ এখনও ফুলবাড়ীতে এসে পৌঁছ্য়ানি। নৈশকোচটি জব্দ করা হয়েছে। খোঁজ খবর নিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’