যশোরের হাসপাতালে ভর্তি ১৪ ডেঙ্গু রোগী

যশোর জেনারেল হাসপাতালে এখনও চিকিৎসাধীন ১৪ জন ডেঙ্গু রোগী

গত এক সপ্তাহে যশোর জেনারেল হাসপাতালে ১৯ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে। এর মধ্যে ১৪ জন এখনও চিকিৎসাধীন রয়েছেন।

হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আবুল কালাম আজাদ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানিয়েছেন, ভর্তিকৃতদের সকলেই ঢাকা থেকে ফেরত আসার পর ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের তথ্য মতে, গত এক সপ্তাহ ধরে একজন, দুজন করে জ্বরে আক্রান্ত রোগী ভর্তি শুরু হয়। গতকালও এক যুবক ভর্তি হয়েছেন। পরীক্ষায় ভর্তিকৃতদের সকলের শরীরে ডেঙ্গুজ্বরের জীবাণু পাওয়া গেছে। এ পর্যন্ত মোট ১৯ জনকে ডেঙ্গু রোগীকে শনাক্ত করে চিকিৎসা দেওয়া হয়েছে। যার মধ্যে ৫ জন চিকিৎসাশেষে বাড়ি ফিরেছেন এবং অন্যদের চিকিৎসা চলছে।

আক্রান্তরা জানিয়েছেন, তারা বিভিন্ন কাজে ঢাকায় ছিলেন। ঢাকা থেকে ফিরে আসার পরই তারা জ্বরে আক্রান্ত হন।

এদিকে, যশোর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আবুল কালাম আজাদ লিটু জানান, যশোরে ডেঙ্গুরোগের জীবাণু নেই। কেবল ঢাকা ফেরতরাই আক্রান্ত হয়ে ভর্তি হচ্ছেন। এজন্য চিকিৎসার পাশাপাশি প্রতিরোধ ব্যবস্থায় জোর দেওয়া হচ্ছে এবং সেভাবে যশোরের স্বাস্থ্য বিভাগ কাজ করছে।