এক বছর পর মানসিক রোগী মোন্নাফ মিয়া (৪০) তার পরিবারকে ফিরে পেলেন। তিনি রংপুরের মিঠাপুকুর উপজেলার ময়েন ইউনিয়নের গেনারপাড়া গ্রামের বাড়ি থেকে বের হয়ে বছরখানেক আগে হারিয়ে যান। শনিবার (২৭ জুলাই) দুপুরে কাহালু থানা পুলিশ তাকে তার বাবার কাছে ফিরিয়ে দেয়। ছেলেধরা সন্দেহে স্থানীয় গ্রামবাসী তাকে আটক করলে পুলিশ তাকে উদ্ধার করেছিল।
কাহালু থানার এসআই ডেভিড হিমাদ্রী বর্মা জানান, মোন্নাফ মিয়া রংপুরের মিঠাপুকুরের গেনারপাড়া গ্রামের বৃদ্ধ তোফাজ্জল পাইকারের ছেলে। এক বছর আগে তিনি বাড়ি থেকে বের হওয়ার পর হারিয়ে যান। গত ২৫ জুলাই রাতে কাহালু উপজেলার শেখাহার গ্রামে ঘোরাফেরা করার সময় গ্রামবাসীরা তাকে ছেলেধরা হিসেবে সন্দেহ করেন। খবর পেয়ে গণপিটুনি থেকে বাঁচাতে তাকে উদ্ধার করে থানায় আনা হয়। জিজ্ঞাসাবাদে অসংলগ্ন কথা বললে মনে হয় মোন্নাফ মিয়া মানসিক প্রতিবন্ধী। পরে তাকে কাহালু থানায় ভর্তি করা হয়। সুস্থ হলে তিনি পরিচয় জানান। পরে রংপুরের মিঠাপুকুর থানার মাধ্যমে তার পরিবারকে খবর দেওয়া হয়। শনিবার দুপুরে তার বৃদ্ধ বাবা তোফাজ্জল পাইকার কাহালু থানায় আসেন। তখন পুলিশ কর্মকর্তারা তাকে বাবার হাতে তুলে দেন।
কাহালু থানার ওসি জিয়া লতিফুল ইসলাম জানান, এক বছর পর ছেলেকে ফিরে পেয়ে বৃদ্ধ তোফাজ্জল আবেগে আপ্লুত হয়ে পড়েন।