নোয়াখালীর বেগমগঞ্জে পিকআপ উল্টে নিহত ৪, আহত ১৫

১৫৫৫৫৫৫

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী বাজারে নিয়ন্ত্রণ হারিয়ে নির্মাণ শ্রমিকবাহী পিকআপ উল্টে ৪ শ্রমিকের মৃত্যু হয়েছে। রবিবার (২৮ জুলাই) সকাল ৭টায় এই ঘটনা ঘটে। আরও অন্তত ১৫ জন শ্রমিক গুরুতর আহত হয়েছেন। আহতদের বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হারুনুর রশিদ ও নোয়াখালী জেনারেল হাসাপাতালের আবাসিক চিকিৎসক ডা. সৈয়দ মহিউদ্দিন আবদুল আজিম এই তথ্য নিশ্চিত করেছেন।

নিহত শ্রমিকরা হলেন- বাগেরহাটের মুসা (২৫) ও রুবেল (৩৫), গাইবান্ধার মো. নুরু (৪০)। মোসলেম (৩৫) এর বাড়ির ঠিকানা পাওয়া যায়নি।

ওসি হারুনুর রশিদ জানান, সকাল ৭টায় ফেনী থেকে নোয়াখালীর বেগমগঞ্জের বাংলাবাজারে একটি ভবনের ছাদ ঢালাইয়ের কাজের জন্য ১৯ জন শ্রমিকের একটি দল পিকআপে করে যাচ্ছিলেন। চৌমুহনী সিঙ্গার শো-রুমের সামনে (সিঙ্গার সড়কে) একটি রিকশাকে অতিক্রম করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপটি উল্টে যায়। এতে ঘটনাস্থলে এক শ্রমিকের মৃত্যু হয়। এসময় গুরুতর আহত আরও ১৮ শ্রমিককে উদ্ধার করে ৬ জনকে বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ১২ জনকে নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়।

নোয়াখালী জেনারেল হাসাপাতালের আবাসিক চিকিৎসক ডা. সৈয়দ মহিউদ্দিন আবদুল আজিম জানান, তাদের হাসপাতালে ১২ জন রোগীর মধ্যে ৩ জনকে মৃত অবস্থায় আনা হয় এবং বাকি ৯ জনকে জরুরি ভিত্তিতে চিকিৎসা দেওয়া হচ্ছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

নোয়াখালী জেনারেল হাসাপাতালে ভর্তিরা হলেন- লক্ষীপুর জেলার মুসলিম উদ্দিন এর ছেলে রাহান উদ্দিন (২৮) এবং তাজুল ইসলাম এর ছেলে বেলাল হোসেন (৩৫), বাগেরহাট জেলার নাছির উদ্দিন এর ছেলে নাসিম (৬০), তোফায়েল আহমেদ এর ছেলে লালু (৫০), মোহাম্মদ আলীর ছেলে রাশেদ (৩০), হাসান মোল্লা এর ছেলে ওমর ফারুক (৬০), আইয়ুব আলীর ছেলে আনোয়ার হোসেন (৪৫), রুস্তম আলীর ছেলে মিজান (২৮) ও নেত্রকোনার আবদুল গফুর এর ছেলে জীবন (৩৫)।