প্রতিবন্ধী শিশু অপহরণের তথ্য ছড়িয়ে পড়ায় দেড় ঘণ্টা সড়ক অবরোধ

দিনাজপুর

শারীরিক প্রতিবন্ধী এক শিশুকে অপহরণের তথ্য ছড়িয়ে পড়ায় দেড় ঘণ্টা দিনাজপুর-পঞ্চগড় মহাসড়ক অবরোধ করে রাখে বিক্ষুব্ধ এলাকাবাসী। রবিবার (২৮ জুলাই) সকাল সাড়ে ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত কাহারোল উপজেলার পূর্ব মল্লিকপুর এলাকায় এই অবরোধ কর্মসূচি পালন করা হয়। তবে পুলিশ জানিয়েছে, এটি গুজব।

এলাকাবাসী জানায়, ওই এলাকার শারীরিক প্রতিবন্ধী আল আমিনকে বাড়ির অদূরের মাদ্রাসার সামনে থেকে একটি মাইক্রোবাসে অপহরণ করে নিয়ে যায় দুর্বৃত্তরা। পরবর্তীতে চিরিরবন্দর উপজেলার রামডুবীর মোড়ের কিছু দূরে নামিয়ে দেয়। শিশুটির বাবা তাকে সেখান থেকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে।

অপহরণের তথ্য ছড়িয়ৈ পড়লে দিনাজপুর-পঞ্চগড় মহাসড়ক অবরোধ করে এলাকাবাসী। পরে কাহারোল থানার পরিদর্শক (ওসি) আইয়ুব আলীর নেতৃত্বে পুলিশের সদস্যরা বিক্ষুব্ধদের সরিয়ে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করে।

কাহারোল থানার পরিদর্শক (ওসি) আইয়ুব আলী জানান, ছেলেটি কোনও ধরনের অপহরণের শিকার হয়নি। এটা একটা গুজব। এব্যাপারে তদন্ত করে গুজব প্রকাশকারীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।